ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় দেওয়া হবে না: চিফ প্রসিকিউটর
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ট্রাইব্যুনালের বিচারের স্বচ্ছতার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
রবিবার (১৫ মার্চ) দুপুরে অনৈতিক কর্মকাণ্ডের তথ্য উদঘাটনে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির দ্বিতীয় বৈঠকের আগে তিনি এ কথা বলেন।
আমিনুল ইসলাম জানান, ট্রাইব্যুনালের বিচারের স্বচ্ছতা নিশ্চিত করতে যা যা করণীয় এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। বিতর্কের জন্ম দিতে পারে এমন কোনো কাজ থেকে বিরত থাকার চেষ্টা করা হবে।
তিনি বলেন, প্রত্যেক মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করাই ট্রাইব্যুনালের লক্ষ্য। কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী যেন পার পেয়ে না যান সেই লক্ষ্যেই স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাইব্যুনালের ভাবমূর্তি রক্ষায়ও কোনো ছাড় দেওয়া হবে না।
চিফ প্রসিকিউটরের নেতৃত্বে পাঁচ সদস্যের এই কমিটির অন্য সদস্যরা হলেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ল’ রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের রায়ে ফিরে এলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার তথ্য উদঘাটন করবে এই কমিটি। সম্প্রতি পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিনের বিনিময়ে এক কোটি টাকা চাওয়ার অভিযোগের ঘটনায় এই কমিটি গঠন করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








