জেট ফুয়েলের দাম আবারও বৃদ্ধি, লিটারে বাড়ল ৮৯ টাকা ৮৮ পয়সা
ছবি: সংগৃহীত
চলতি মাসে দ্বিতীয়বারের মতো বাড়ানো হয়েছে উড়োজাহাজের জ্বালানি (জেট ফুয়েল) দাম। নতুন করে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা।
মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে এ নতুন দাম কার্যকর হবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য জেট ফুয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ২০২ টাকা ২৯ পয়সা, যা আগে ছিল ১১২ টাকা ৪১ পয়সা। গত মাসে এই দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা। এর আগে গত ৮ মার্চ লিটারপ্রতি ১৭ টাকা ২৯ পয়সা বাড়ানো হয়েছিল।
আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান পাল্টা প্রতিক্রিয়া জানালে অঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে তেলসমৃদ্ধ এলাকাগুলোর জ্বালানি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক বাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যায়।
উল্লেখ্য, আগে জেট ফুয়েলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের ধারা বাতিলের পর ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট এ-১-এর দাম নির্ধারণের দায়িত্ব বিইআরসির কাছে ন্যস্ত করা হয়।
আরও পড়ুন: অর্থনৈতিক উত্তরণে বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করা হবে: অর্থমন্ত্রী
এর ধারাবাহিকতায় গত বছরের ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণে গণশুনানি আয়োজন করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসেই দাম সমন্বয় করা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








