যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে দেশে যেকোনো সময় পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
রবিবার (২২ মার্চ) রাতে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বার্তায় এ আশঙ্কার কথা জানানো হয়।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সারাদেশের পেট্রোল পাম্পগুলোর বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক। তেল বিপণনকারী কোম্পানিগুলো থেকে প্রতিদিন যে পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে, তা দিয়ে সাধারণ গ্রাহকদের ন্যূনতম চাহিদাও পূরণ করা সম্ভব হচ্ছে না।
বিশেষ করে দেশের বিপুলসংখ্যক মোটরসাইকেল চালক ও জরুরি সেবার যানবাহন ব্যবহারকারীরা তেল নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করছেন।
সংগঠনটি আরও জানায়, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পাম্পকর্মীদের ওপর মানসিক ও শারীরিক চাপ কয়েকগুণ বেড়ে গেছে। তেল দিতে না পেরে অনেক ক্ষেত্রে ক্ষুব্ধ গ্রাহকদের সঙ্গে বাকবিতণ্ডা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। পাম্পের নজেলম্যানরা এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্য সংঘাতেও বন্দরে ২২ দিনে ২৫ জাহাজ জ্বালানি খালাস
সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে করছেন পাম্প মালিকরা। তারা সতর্ক করে বলেছেন, পর্যাপ্ত নিরাপত্তা ও সময়মতো জ্বালানি সরবরাহ নিশ্চিত না হলে জানমালের নিরাপত্তার স্বার্থে যেকোনো সময় অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








