সারাদেশে দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, তদন্ত ও ব্যবস্থার নির্দেশ
ফাইল ছবি
কুমিল্লার পদুয়ার বাজারে ট্রেন ও বাসের ভয়াবহ সংঘর্ষসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব দুর্ঘটনার নেপথ্য কারণ দ্রুত উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (২১ মার্চ) দিবাগত মধ্যরাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রমতে, এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়াও ঈদের ছুটির মধ্যে গত রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত ফেনী, হবিগঞ্জ, জামালপুর ও বগুড়াসহ দেশের পাঁচ জেলায় পৃথক সড়ক ও রেল দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং ২৫ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে পিকআপ ভ্যান খাদে পড়ে চারজন এবং ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
আজ রবিবার এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পবিত্র ঈদ উদযাপনের এই আনন্দঘন মুহূর্তে এসব দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং উদ্বেগজনক। প্রতিটি জীবনই মূল্যবান এবং প্রতিটি অকাল মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: রেলক্রসিংয়ে ডিজিটাল গেট, আন্ডারপাস ও ওভারপাস নির্মাণের ঘোষণা
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং নিহতদের পরিবারকে দ্রুত আর্থিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
কুমিল্লার রেল দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ দুটি এবং কুমিল্লা জেলা প্রশাসন একটি কমিটি গঠন করেছে। প্রতিটি কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়ায় ইতোমধ্যে রেলওয়ের কয়েকজনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্টদের ব্যর্থতা চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বিবৃতিতে প্রধানমন্ত্রী জনগণের যাতায়াত নির্বিঘ্ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বদ্ধপরিকর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থার দুর্বলতাগুলো জরুরি ভিত্তিতে চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/পলি








