News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪০, ২২ মার্চ ২০২৬

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি ঘোষণা

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি ঘোষণা

ফাইল ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ২৬ মার্চ ভোর ৫টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

রবিবার (২২ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাধীনতা দিবসের এই বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৬ মার্চ ভোরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় ফিরবেন। এরপর তিনি মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় দলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। একইসঙ্গে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ওই দিন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

স্বাধীনতা দিবসের পূর্বপ্রস্তুতি হিসেবে ২৫ মার্চ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে বিএনপির শীর্ষ নেতারা এবং দেশের বরেণ্য বুদ্ধিজীবীরা বক্তব্য দেবেন। দিবসটি স্মরণীয় করে রাখতে এরই মধ্যে বিশেষ পোস্টার প্রকাশ করা হয়েছে এবং বিভিন্ন সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন: মানুষ এখন নির্ভয়ে কথা বলতে পারছে: রিজভী

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতান্ত্রিক পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে এখন গণতন্ত্রের সুস্থ চর্চা চলছে। 

তিনি দাবি করেন, বর্তমান সরকারের অধীনে তীব্র সমালোচনা করেও কেউ রাষ্ট্রীয় হয়রানির শিকার হচ্ছে না এবং পার্লামেন্টের ভেতরে-বাইরে সবাই নির্বিঘ্নে কথা বলছেন।

রিজভী আরও বলেন, আমাদের লক্ষ্য হলো ফ্যাসিবাদের প্রতিটি লক্ষণ দূর করা। অতীতে কখনো বাকশালের নামে, আবার কখনো মুক্তিযুদ্ধের চেতনার নামে মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু এখন আর কথা বললে কেউ গুম হবে না এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব। ন্যায়সংগত সমালোচনা করার অধিকার সবার আছে, তবে কুৎসা রটনা করা ফ্যাসিবাদীদের কাজ।

তিনি উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। রাতারাতি সব পরিবর্তন সম্ভব না হলেও সরকার নিরলস কাজ করে যাচ্ছে। এ সময় তিনি দেশবাসীকে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়