আর্সেনালকে হারিয়ে ইএফএল কাপ জিতল ম্যানসিটি
ছবি: সংগৃহীত
প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে আর্সেনালের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি। এরই মধ্যে ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা থেকেও ছিটকে পড়েছে সিটিজেনরা। ফলে শেষ ভরসা ছিল ইএফএল কাপ সেই আসরেই দাপট দেখিয়ে শিরোপা জিতেছে পেপ গার্দিওলার দল।
সোমবার (২৩ মার্চ) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্সেনালকে ২-০ গোলের ব্যবধানে হারায় ম্যানচেস্টার সিটি। ম্যাচে জোড়া গোল করেন নিকো ও’রাইলি।
২০২০-২১ মৌসুমের পর এই প্রথম ইএফএল কাপ জয়ের স্বাদ পেল সিটি। দীর্ঘ পাঁচ বছর পর আবারও লিগ কাপের ট্রফি ঘরে তুলল পেপ গার্দিওলার শিষ্যরা।
ম্যাচের শুরুতে আর্সেনালের চাপ সামলে বল দখলে রেখে পাল্টা আক্রমণের চেষ্টা করে সিটি। তবে প্রথমার্ধে তেমন কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারেনি তারা। শেষ দিকে দুটি শট নিলেও কোনোটি লক্ষ্যে ছিল না।
বিরতির পর খেলার গতি বাড়ায় সিটি। বলের দখল বাড়িয়ে প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করতে থাকে তারা। তবে গোলের দেখা মিলছিল না। অবশেষে ৬০তম মিনিটে লক্ষ্যে প্রথম শটেই এগিয়ে যায় সিটিজেনরা।
বের্নার্দো সিলভার পাস থেকে ডি-বক্সে শট নেন হায়ান শেহকি। গোলরক্ষক কেপা আরিসাবালাগা বলটি ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে না পারলে আলগা বল পেয়ে হেডে জালে জড়ান ও’রাইলি।
চার মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করে সিটি। ডান দিক থেকে মাথেউস নুনেসের ক্রস পেয়ে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন এই তরুণ ইংলিশ ডিফেন্ডার।
আরও পড়ুন: গোলকিপার হিসেবে চেলসিতে সুযোগ পান জাইমা: ক্রীড়া প্রতিমন্ত্রী
শেষ দিকে কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেনি আর্সেনাল। ৭৮তম মিনিটে রিকার্দো কালাফিওরির শট পোস্টে লাগে। পরে গাব্রিয়েল হেসুসের হেড ক্রসবারে প্রতিহত হয়।
ফলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি এবং শিরোপা নিশ্চিত করে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








