News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫০, ১৮ মার্চ ২০২৬
আপডেট: ১৭:৫২, ১৮ মার্চ ২০২৬

মিরাজের নেতৃত্বে একধাপ এগিয়েছে বাংলাদেশ

মিরাজের নেতৃত্বে  একধাপ এগিয়েছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ঐতিহাসিক ২-১ ব্যবধানে জয়ের রেশ কাটতে না কাটতেই সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল। মাঠের সেই দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিফলন ঘটেছে আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে। বল হাতে মিতব্যয়ী বোলিং আর অলরাউন্ড নৈপুণ্যে বড় উন্নতি করেছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। একইসঙ্গে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ও গতিদানব নাহিদ রানা।

তিন ম্যাচের ঘরের মাঠের সিরিজে বল হাতে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক বোলার ছিলেন মিরাজ। তিন ম্যাচে পাঁচ উইকেট নেয়ার পাশাপাশি অলরাউন্ড দক্ষতায় দলকে ২-১ ব্যবধানে সিরিজ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। তার ধারাবাহিক কিপ্ট বোলিং এবং দারুণ ইকোনমি রেট বাংলাদেশের জয় নিশ্চিত করেছে।

মিরাজের এই পারফরম্যান্সের ফলে আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিনি ৯ ধাপ এগিয়ে যৌথভাবে সপ্তম স্থানে উঠে এসেছেন। একই সঙ্গে অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ উন্নতি করে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। এই তালিকার শীর্ষে আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই, তৃতীয় স্থানে ২৭৬ পয়েন্ট নিয়ে সিকান্দার রাজা। মিরাজের রেটিং পয়েন্ট ২৮০।

বাংলাদেশের অন্যান্য ক্রিকেটাররাও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। বোলারদের তালিকায় তাসকিন আহমেদ ১২ ধাপ এগিয়ে ২৮তম স্থানে, মুস্তাফিজুর রহমান ১৩ ধাপ উন্নতি করে ৪৭তম স্থানে পৌঁছেছেন। সবচেয়ে বড় লাফ দিয়েছেন নাহিদ রানা; ৬৫ ধাপ এগিয়ে ৯৮তম স্থানে উঠে এসেছেন তিনি। ব্যাটারদের মধ্যে তানজিদ হাসান তামিম ৩১ ধাপ উন্নতি করে ৫৫তম স্থানে, লিটন দাস ১০ ধাপ এগিয়ে ৮২তম স্থানে অবস্থান করছেন। তাওহিদ হৃদয়ও দুই ধাপ উন্নতি করে ৩২তম স্থানে অবস্থান করেছেন।

আরও পড়ুন: রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

পাকিস্তান দলের ক্রিকেটাররাও র‍্যাঙ্কিংয়ে উন্নতি দেখিয়েছেন। ব্যাটারদের তালিকায় সালমান আলি আঘা ৯ ধাপ এগিয়ে যৌথভাবে নবম স্থানে, অলরাউন্ডারদের তালিকায় তিন ধাপ উন্নতি করে যৌথভাবে দশম। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি চার ধাপ এগিয়ে অলরাউন্ডারদের তালিকায় যৌথভাবে ২৫তম।

এদিকে, টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের প্রথম দুই ম্যাচে তার ধারাবাহিক পারফরম্যান্সের ফলে তিনি টি–টোয়েন্টি বোলারদের তালিকায় ১১ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছেন। অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ উন্নতি করে ক্যারিয়ার সেরা রেটিং নিয়ে যৌথভাবে সপ্তম স্থানে আছেন স্যান্টনার। নিউজিল্যান্ডের লকি ফার্গুসন ১৮ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৫১তম, ডেভন কনওয়ে চার ধাপ উন্নতি করে ব্যাটারদের তালিকায় ৭০তম স্থানে অবস্থান করছেন।

দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৩৩ রান করার সুবাদে অলরাউন্ডারদের তালিকায় ১১ ধাপ উন্নতি করে ২৩তম স্থানে পৌঁছেছেন। একই সঙ্গে অটনিল বার্টম্যান ২৩ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ৭৩তম স্থানে অবস্থান করছেন।

সিরিজের সেরা পারফরম্যান্স এবং র‍্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের ক্রমবর্ধমান শক্তি এবং দলের ব্যক্তিগত খেলোয়াড়দের ধারাবাহিক পারফরম্যান্সের প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। টাইগাররা সাম্প্রতিক পাকিস্তান সিরিজে জয়ী হয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়