ভারতের বিপক্ষে গুরুতর অভিযোগ তুলে অবসর নিলেন ধারাভাষ্যকার
ছবি: সংগৃহীত
ভারতীয় ক্রিকেটে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন লক্ষ্মণ শিবরামকৃষ্ণান। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ তুলে ধারাভাষ্য থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার (২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের সিদ্ধান্ত জানান ১৯৮৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপজয়ী দলের এই সদস্য। দীর্ঘ ২৩ বছরের ধারাভাষ্য জীবনে প্রাপ্য সম্মান ও সুযোগ না পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
পোস্টে শিবরামকৃষ্ণান দাবি করেন, গত ২৩ বছরে তাকে কখনো টস বা ম্যাচ প্রেজেন্টেশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়নি। এমনকি রবি শাস্ত্রী কোচ থাকাকালেও নতুন ধারাভাষ্যকাররা এসব দায়িত্ব পেয়েছেন, যা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
পরে এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি সরাসরি বর্ণবৈষম্যের ইঙ্গিত দেন। তার এই অভিযোগ সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ তার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন, আবার কেউ কেউ সংশয় প্রকাশ করেছেন।
এদিকে, তার এ ঘোষণায় বিস্ময় প্রকাশ করেছেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে তিনি লেখেন, “ওহ না! এই আইপিএলে কেন নয়?” যা শিবরামকৃষ্ণানের অবসরে তার হতাশারই ইঙ্গিত দেয়।
আরও পড়ুন: রোনালদোকে ছাড়াই পর্তুগালের দল ঘোষণা
উল্লেখ্য, ১৯৮০-এর দশকে ভারতের হয়ে ৯টি টেস্ট ও ১৬টি ওয়ানডে ম্যাচ খেলেন শিবরামকৃষ্ণান। ১৯৮৪ সালে ইংল্যান্ড-এর বিপক্ষে ১২ উইকেট নিয়ে আলোচনায় আসেন তিনি। পরের বছর অস্ট্রেলিয়া-এ অনুষ্ঠিত বেংসন অ্যান্ড হেজেস বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফাইনালে পাকিস্তান-এর বিপক্ষে নিয়ন্ত্রিত বোলিংয়ে দলকে জিততে সহায়তা করেন এবং পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








