রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
ছবি: সংগৃহীত
রোমাঞ্চে ভরা সিরিজ নির্ধারণী তৃতীয় একদিনের ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। মিরপুরে ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ২৭৯ রানে থামে পাকিস্তান। ফলে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
শুরু থেকেই দাপট দেখান বাংলাদেশের পেসাররা। ইনিংসের শুরুতেই সফরকারীদের ব্যাটিং লাইনআপে ধস নামান তাসকিন আহমেদ ও নাহিদ রানা। মাত্র ১৭ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই সাহিবজাদা ফারহানকে (৬) আউট করেন তাসকিন। পরের ওভারে নাহিদ রানা ফেরান মাজ সাদাকাতকে (৬)। আর নিজের দ্বিতীয় ওভারে এসে মোহাম্মদ রিজওয়ানকে (৪) সাজঘরে পাঠান তাসকিন।
এরপর গাজি ঘুরি ও আব্দুল সামাদ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে সেটি বড় জুটিতে রূপ নিতে পারেনি। ৩৯ বলে ২৯ রান করে ঘুরি এবং ৪৫ বলে ৩৪ রান করে আউট হন সামাদ।
একশ রান পূর্ণ হওয়ার আগেই পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। তখন দলের হাল ধরেন সালমান আলি আগা। তাকে সঙ্গ দেন সাদ মাসুদ। দুজন মিলে দলের রান এগিয়ে নেন। তবে ৩৮ রান করা মাসুদকে মুস্তাফিজুর রহমান বোল্ড করে জুটি ভাঙেন।
এরপর ফাহিম আশরাফকে নিয়ে আবারও জুটি গড়ার চেষ্টা করেন সালমান। কিন্তু সেই সুযোগ দেননি তাসকিন আহমেদ। ৯ রান করা ফাহিমকে বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। শেষ পর্যন্ত একাই লড়াই চালিয়ে যান সালমান আলি আগা। তবে দলকে জয়ের বন্দরে ভেড়াতে পারেননি। বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার তাসকিন আহমেদ চারটি উইকেট নেন।
এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে আসে ১০৫ রান।
ইনিংসের ১৯তম ওভারে ৫৫ বলে ৩৬ রান করা সাইফ বলের লাইন মিস করে বোল্ড হন। এরপর ২৭ রান করে আউট হন নাজমুল হোসেন শান্ত।
তবে দারুণ ব্যাটিংয়ে অভিষেক সেঞ্চুরি তুলে নেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৯৮ বলে শতক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ১০৭ বলে ১০৭ রান করে আউট হন তামিম। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি ছক্কা।
আরও পড়ুন: নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’
চতুর্থ উইকেটে লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয় ৬৮ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন। ৪১ রান করে আউট হন লিটন দাস। পরে প্রথম বলেই বোল্ড হন রিশাদ হোসেন।
শেষদিকে তাওহীদ হৃদয় অপরাজিত ৪৮ রান করে ইনিংস শেষ করেন। তার সঙ্গে ৫ রানে অপরাজিত থাকেন আফিফ হোসেন। নির্ধারিত ওভারে বাংলাদেশ তোলে ২৯০ রান।
এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টানা সিরিজ জয়ের কীর্তি গড়ল বাংলাদেশ। এর আগে ২০১৫ সালে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








