News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৪০, ২২ মার্চ ২০২৬

‘এক যুগে বাংলাদেশে সাড়ে ৬ বিলিয়ন ডলার সহায়তা ভারতের’

‘এক যুগে বাংলাদেশে সাড়ে ৬ বিলিয়ন ডলার সহায়তা ভারতের’

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। ছবি: সংগৃহীত

গত এক দশকে বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতায় ভারতের আর্থিক সহযোগিতার একটি বিশদ চিত্র পাওয়া গেছে। ২০১৪ সাল থেকে বর্তমান পর্যন্ত গত ১২ বছরে ভারত বাংলাদেশকে মোট ৬.৫ বিলিয়ন মার্কিন ডলারের (সাড়ে ছয়শ কোটি ডলার) আর্থিক সহায়তা প্রদান করেছে। ভারতের লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং এই তথ্য নিশ্চিত করেছেন। 

শুক্রবার (২০ মার্চ) লোকসভার সদস্য টি আর বালুর এক তারকাচিহ্নবিহীন প্রশ্নের প্রেক্ষিতে প্রতিমন্ত্রী এই পরিসংখ্যান তুলে ধরেন।

২০১৪ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের জন্য ভারতের আর্থিক সহায়তার বিস্তারিত জানতে চান তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুর আসনের সংসদ সদস্য টি আর বালু।

লিখিত উত্তরে প্রতিমন্ত্রী জানান, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের নীতি ‘প্রতিবেশীগত ও জনগণকেন্দ্রিক’। এই নীতির আওতায় বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ‘লাইন অব ক্রেডিট’ এবং প্রকল্পভিত্তিক অনুদানের মাধ্যমে সহায়তা অব্যাহত রয়েছে। পাশাপাশি মানবিক সহায়তা, দুর্যোগ ত্রাণ, সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন কর্মসূচিতেও সহযোগিতা দিয়ে যাচ্ছে ভারত। 

তিনি উল্লেখ করেন, ২০১৪ সাল থেকে বাংলাদেশকে দুটি বড় ‘লাইন অব ক্রেডিট’সহ মোট ৬.৫ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয়েছে এবং বছরওয়ারি সহায়তার বিবরণও উপস্থাপন করা হয়েছে।

আরও পড়ুন: শত্রু জাহাজ ছাড়া সবার জন্য হরমুজ খোলা: ইরান

আলোচনায় বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে রপ্তানির ক্ষেত্রে ভারতের বন্দর ব্যবহারের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের বিষয়টিও উঠে আসে। গত বছরের শুরুতে অন্তর্বর্তী সরকারের সময়ে এই সুবিধা প্রত্যাহার করে নেয় নয়া দিল্লি। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোনো উদ্যোগ আছে কি না এমন প্রশ্নের জবাবে কীর্তি বর্ধন সিং বলেন, অতীতে এই সুবিধা দেওয়ার সময় ভারতের নিজস্ব রপ্তানির তুলনায় বাংলাদেশি পণ্যকে অগ্রাধিকার দেওয়া হয়নি। নীতিগত পরিবর্তনের ক্ষেত্রে প্রাসঙ্গিক সব দিক বিবেচনায় নেওয়া হবে বলেও জানান তিনি।

একই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা নিয়েও প্রশ্ন তোলেন টি আর বালু। 

জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর ঐতিহাসিক, ভৌগোলিক, সাংস্কৃতিক, ভাষাগত ও সামাজিক সম্পর্ক বিদ্যমান। ভারত ধারাবাহিকভাবে একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে আসছে। 

তিনি আরও বলেন, দুই দেশের বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় উচ্চপর্যায়ের যোগাযোগ, আদান-প্রদান ও সহযোগিতা অব্যাহত রাখতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখা যায়, স্বাধীনতার সূচনালগ্ন থেকেই বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে সহায়তা দিয়ে আসছে ভারত যা সামরিক সহায়তা থেকে শুরু করে স্বাধীনতা-পরবর্তী পুনর্গঠন, অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতা পর্যন্ত বিস্তৃত। সাম্প্রতিক সময়েও বাণিজ্য, জ্বালানি, শিল্প কাঁচামাল, যন্ত্রপাতি ও পরিবহন খাতে দুই দেশের পারস্পরিক নির্ভরতা উল্লেখযোগ্যভাবে বজায় রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়