News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:২২, ২২ মার্চ ২০২৬

গোলকিপার হিসেবে চেলসিতে সুযোগ পান জাইমা: ক্রীড়া প্রতিমন্ত্রী

গোলকিপার হিসেবে চেলসিতে সুযোগ পান জাইমা: ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাব চেলসির নারী দলে গোলরক্ষক হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর ও চমকপ্রদ তথ্য নিশ্চিত করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রতিমন্ত্রী জানান, জাইমা রহমান কেবল একজন ক্রীড়ানুরাগীই নন, বরং একজন দক্ষ অ্যাথলেট হিসেবেও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন। লন্ডনে অবস্থানকালীন সময়ে চেলসির মতো বড় ক্লাবের নারী ফুটবল দলে গোলরক্ষক হিসেবে তার ডাক পাওয়া ছিল অত্যন্ত সম্মানজনক।

সাক্ষাৎকারে আমিনুল হক তার লন্ডন সফরের স্মৃতিচারণ করে বলেন, আমি যখন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য লন্ডন গিয়েছিলাম, তখন সেখানে ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমানের সঙ্গে আমার সরাসরি কথা হয়েছিল। আলাপকালে আমি বুঝতে পারি তারা উভয়ই খেলাধুলার প্রতি কতটা অনুরাগী। 

তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী নিজেও বিভিন্ন সময় রসিকতা করে বলেন যে তার চেয়েও স্ত্রী ও কন্যা হাজার গুণ বেশি ক্রীড়াপ্রেমী।

আরও পড়ুন: ভারতের বিপক্ষে গুরুতর অভিযোগ তুলে অবসর নিলেন ধারাভাষ্যকার

জাইমা রহমানের ফুটবলের প্রতি বিশেষ ঝোঁকের কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে, আমাদের জাইমা রহমান চেলসির মেয়েদের ফুটবল টিমে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন। তিনি শারীরিকভাবে বেশ লম্বা এবং সেই পজিশনের জন্য অত্যন্ত যোগ্য ছিলেন। তবে শেষ পর্যন্ত পেশাদার ফুটবলে তার ক্যারিয়ার গড়া হয়ে ওঠেনি। 

প্রতিমন্ত্রীর মতে, পরবর্তীতে প্রধানমন্ত্রী হয়তো তাকে সেই সুযোগটি তৈরি করে দেননি।

চেলসিতে সুযোগ পেলেও ব্যক্তিগতভাবে জাইমা রহমান কোন দলের সমর্থক, সে সম্পর্কেও আলোকপাত করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি জানান, ব্যক্তিগত পছন্দের দিক থেকে জাইমা রহমান ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের একজন অন্ধ ভক্ত, যা প্রতিমন্ত্রীর নিজের পছন্দের ক্লাবের সঙ্গেও মিলে যায়।

বিদেশে বেড়ে ওঠা এবং পড়াশোনার পাশাপাশি জাইমা রহমানের এই ক্রীড়া প্রতিভা ও সাফল্যের খবর দেশের তরুণ প্রজন্মের মাঝে নতুন করে আগ্রহ সৃষ্টি করেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়