News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:০৩, ২২ মার্চ ২০২৬

মোবাইলের আলো চোখে পড়ায় নাসিরনগরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

মোবাইলের আলো চোখে পড়ায় নাসিরনগরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইলের টর্চ লাইটের আলো চোখে পড়াকে কেন্দ্র করে সৃষ্ট তুচ্ছ ঘটনার জেরে মো. মুসাব্বির ওরফে বাবলু (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত মুসাব্বির বড়নগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। 

শনিবার (২১ মার্চ) রাতে উপজেলার চাতলপড় ইউনিয়নের বড়নগর গ্রামের গোজিয়াখাই এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই হামলায় মুসাব্বিরের দুই বন্ধু মাসাকিন ও সুজন মিয়া গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ রবিবার (২২ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত ও সুরতহাল সম্পন্ন করেছে।

স্থানীয় সূত্র ও আহতদের বরাতে জানা গেছে, শনিবার ঈদের দিন হওয়ায় মুসাব্বির তার বন্ধুদের নিয়ে এলাকায় ঘুরছিলেন। সন্ধ্যার দিকে বড়নগর গোজিয়াখাই এলাকার একটি অন্ধকার পথ দিয়ে যাওয়ার সময় পথ চেনার সুবিধার্থে মুসাব্বির তার মোবাইল ফোনের ফ্লাশলাইট জ্বালান। এ সময় সড়কের পাশে আড্ডারত একই গ্রামের তাকবির, তানভীর ও তাদের সহযোগীদের চোখে লাইটের আলো পড়ে। এই নিয়ে উভয়পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। যদিও তাৎক্ষণিকভাবে স্থানীয়রা বিষয়টি হস্তক্ষেপ করে মীমাংসা করে দিয়েছিলেন।

আরও পড়ুন: বেপরোয়া গতিতে বিষাদ ঈদ আনন্দ, পঙ্গু হাসপাতালেই ভর্তি ৪০০

তবে বিরোধটি সেখানেই শেষ হয়নি। অভিযোগ উঠেছে, ওই ঘটনার জেরে রাতে মুসাব্বির তার বন্ধুদের নিয়ে গোজিয়াখাই এলাকার একটি দোকানে গেলে পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। অভিযুক্ত তাকবির, তানভীর ও হাসানসহ একদল যুবক ধারালো ছুরি দিয়ে মুসাব্বির ও তার বন্ধুদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাতাড়ি ছুরিকাঘাতে মুসাব্বিরসহ তিনজনই গুরুতর জখম হন।

ঘটনার পর স্বজনরা মুসাব্বিরকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত মাসাকিন ও সুজন বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি; তারা এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়