News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৬, ২৩ মার্চ ২০২৬
আপডেট: ০৮:৩৬, ২৩ মার্চ ২০২৬

ইসরায়েলে ইরানের ৪০০ ক্ষেপণাস্ত্র হামলা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা

ইসরায়েলে ইরানের ৪০০ ক্ষেপণাস্ত্র হামলা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে চার শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

রবিবার  (২২ মার্চ) এক বিবৃতিতে আইডিএফ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এর পরিপ্রেক্ষিতে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আইডিএফের দাবি, তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের প্রায় ৯২ শতাংশই আকাশেই প্রতিহত করা সম্ভব হয়েছে।

এ বিষয়ে আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি বলেন, “ইরান ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে প্রতিরোধে আমরা বড় সাফল্য পেয়েছি। আমাদের সফলতার হার প্রায় ৯২ শতাংশ।”

এর আগে একই দিন টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আইডিএফ জানায়, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সক্রিয় রাখা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, হামলার নতুন ধাপ ইতোমধ্যেই শুরু হয়েছে।

আঞ্চলিক উত্তেজনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৫টি ড্রোন ভূপাতিত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৩৪৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১,৭৭৩টি ড্রোন প্রতিহত করেছে।

আরও পড়ুন: ‘এক যুগে বাংলাদেশে সাড়ে ৬ বিলিয়ন ডলার সহায়তা ভারতের’

ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানি হামলার পর জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। সতর্কতা জারির পরপরই এসব বিস্ফোরণ ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়