ভারত থেকে জ্বালানি আমদানিতে ‘গ্রিন সিগন্যাল’ পেয়েছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ভারত থেকে জ্বালানি আমদানির প্রস্তাবে বাংলাদেশ ইতিবাচক সাড়া পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে যে চাপ তৈরি হয়েছে, তা মোকাবেলায় বাংলাদেশ ভারত থেকে জ্বালানি আমদানির আগ্রহ জানায়। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে ইতোমধ্যে ‘গ্রিন সিগন্যাল’ পাওয়া গেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, ভারতে গ্রেপ্তার হওয়া শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য এখনও কনস্যুলার অ্যাক্সেস পায়নি বাংলাদেশ। তবে দ্রুতই এ অ্যাক্সেস পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সরকার তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে।
তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত ব্যক্তিদের দেশে ফেরানোর বিষয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে।
আরও পড়ুন: ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








