ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার দীর্ঘস্থায়ী যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাকে আধুনিকায়নের জন্য এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনাকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আধুনিক ও যুগোপযোগী করতে একগুচ্ছ কার্যকর পদক্ষেপের নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকের অন্যতম সিদ্ধান্ত হলো রাজধানীর পাঁচটি আন্তঃজেলা বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে সরিয়ে ফেলা এবং বর্তমানে থাকা টার্মিনালগুলো শুধুমাত্র সিটি সার্ভিসের জন্য ব্যবহার করা। শহরের যত্রতত্র থাকা বাস কাউন্টারও অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাফিক সিগন্যাল ব্যবস্থায় দেশীয় প্রযুক্তিতে ১২০টি সিগন্যাল পয়েন্টকে অটোমেশনের আওতায় আনা হবে।
রাস্তার শৃঙ্খলা ফেরাতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হবে, রাস্তার মাঝখানে থাকা বৈদ্যুতিক খুঁটিও সরানো হবে। শহরের রেল ক্রসিংগুলোতে আধুনিক ‘অটো সিগন্যাল লাইটিং সিস্টেম’ চালু করা হবে। এছাড়া সব সিটি বাসকে জিপিএস সিস্টেমে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
যাত্রী সুবিধার্থে ফুটওভার ব্রিজে চলন্ত সিঁড়ি এবং হাসপাতাল সংলগ্ন এলাকায় দেশীয় প্রযুক্তিতে লিফট স্থাপন করা হবে। দুই সিটি করপোরেশনের প্রশাসক আশা প্রকাশ করেছেন, আগামী ৭ এপ্রিলের মধ্যে প্রস্তাবিত এসব পরিকল্পনার অধিকাংশ বাস্তবায়ন সম্ভব হবে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ঢাকা শহরের চারপাশে নতুন বাইপাস সড়ক এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করা হবে। পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে সমন্বয়ও এই উদ্যোগের অংশ।
আরও পড়ুন: ভারত থেকে জ্বালানি আমদানিতে ‘গ্রিন সিগন্যাল’ পেয়েছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ও দুই সিটি করপোরেশনের প্রশাসকরা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








