গুগল ডিপমাইন্ডের সঙ্গে জোট বাঁধলো অ্যাজাইল রোবটস
ছবি: সংগৃহীত
জার্মানির মিউনিখভিত্তিক রোবোটিকস প্রতিষ্ঠান অ্যাজাইল রোবটস কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান গুগল ডিপ মাইন্ড- এর সঙ্গে কৌশলগত গবেষণা অংশীদারত্বে যুক্ত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) ঘোষিত এ চুক্তির আওতায় অ্যাজাইল রোবটস তাদের রোবটে ডিপমাইন্ডের ‘জেমিনি’ ভিত্তিমূলক মডেল সংযুক্ত করবে। একই সঙ্গে রোবটের মাধ্যমে সংগৃহীত তথ্য ব্যবহার করে জেমিনি এআই মডেলকে আরও উন্নত করা হবে।
এই অংশীদারত্বের মাধ্যমে দুই প্রতিষ্ঠান যৌথভাবে রোবট পরীক্ষা, উন্নয়ন ও বাস্তব প্রয়োগে কাজ করবে। বিশেষ করে ইলেকট্রনিকস উৎপাদন, অটোমোবাইল, ডেটা সেন্টার এবং লজিস্টিকস খাতে এসব রোবট ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
অ্যাজাইল রোবটসের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, বিশ্বজুড়ে ইতিমধ্যে ২০ হাজারের বেশি রোবোটিক সমাধান স্থাপন করেছে তাদের প্রতিষ্ঠান, যা বৃহৎ পরিসরে বুদ্ধিমান স্বয়ংক্রিয়তার সক্ষমতা প্রমাণ করে।
তিনি জানান, স্বয়ংক্রিয় ও বুদ্ধিমান উৎপাদনব্যবস্থাই ভবিষ্যতে শিল্পখাতে বড় পরিবর্তন আনবে। গুগল ডিপমাইন্ডের জেমিনি মডেল সংযুক্তির মাধ্যমে তারা দ্রুত বিকাশমান এ বাজারে শীর্ষ অবস্থানে থাকতে চায়।
আরও পড়ুন: অ্যাকাউন্ট ছাড়াই চ্যাটের সুযোগ আনছে হোয়াটসঅ্যাপ
চুক্তিটি দীর্ঘমেয়াদি হলেও এর মেয়াদ বা আর্থিক দিক সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
২০১৮ সালে প্রতিষ্ঠিত অ্যাজাইল রোবটস ইতিমধ্যে ২৭০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ পেয়েছে।
চলতি বছরে রোবোটিকস খাতে এমন অংশীদারত্ব বাড়ছে। এর আগে বোস্টন ডাইনামিকস গুগল ডিপমাইন্ডের সঙ্গে কাজ করার ঘোষণা দেয়, যেখানে তাদের মানবাকৃতির রোবট ‘অ্যাটলাস’ উন্নয়নে এআই মডেল ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, রোবট তৈরি হার্ডওয়্যার ও সফটওয়্যার- উভয় দিক থেকেই অত্যন্ত জটিল। তাই ভিন্ন ভিন্ন দক্ষতাসম্পন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন সহযোগিতা সময়ের দাবি।
নিউজবাংলাদেশ.কম/এনডি








