News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:০০, ২৪ মার্চ ২০২৬
আপডেট: ২১:০১, ২৪ মার্চ ২০২৬

ইরানের ওপর সামরিক অভিযানের দায়ভার প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপাল ট্রাম্প

ইরানের ওপর সামরিক অভিযানের দায়ভার প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপাল  ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ওয়াশিংটনের অন্দরমহলে শুরু হয়েছে বিতর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের প্রাথমিক দায়ভার সরাসরি তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ওপর চাপিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) ‘মেম্ফিস সেফ টাস্ক ফোর্স’ গোলটেবিল বৈঠকে ট্রাম্প দাবি করেন, হেগসেথই প্রথম শীর্ষ কর্মকর্তা ছিলেন যিনি ইরানের ওপর সামরিক হামলার সুপারিশ করেছিলেন। ট্রাম্প বলেন, “পিট, আমার মনে হয় আপনিই প্রথম সোচ্চার হয়েছিলেন এবং বলেছিলেন চলুন এটা করি; কারণ তারা পারমাণবিক অস্ত্র হাতে পেতে পারে না।”

ফেব্রুয়ারির শেষ দিন থেকে শুরু হওয়া এই যুদ্ধ এখন ইরান ও তার মিত্রদের জড়িয়ে এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধে রূপ নিয়েছে। ট্রাম্প জানিয়েছেন, চূড়ান্ত অনুমোদনের আগে তিনি প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, জেনারেল কেইনসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে ফোন করেছিলেন। মূল আলোচনা ছিল ইরানের ক্রমবর্ধমান পারমাণবিক হুমকি ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংসের কৌশল।

তবে প্রশাসনের ভিতরে হামলা চালানো হবে কি না তা নিয়ে দ্বিধা ছিল। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিদেশে সামরিক হস্তক্ষেপের ঘোর বিরোধী ছিলেন এবং নীরব অনীহা প্রশাসনে অস্বস্তি তৈরি করেছিল। এর বিপরীতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মিডিয়া মোগল রুপার্ট মারডক ট্রাম্পকে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য উৎসাহ দিচ্ছিলেন।

আরও পড়ুন: নেতানিয়াহুর প্ররোচনায় ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের

বর্তমান মার্কিন কর্মকর্তাদের মতে, অভিযানের ফলে ইরানের ড্রোন উৎপাদন ও নৌ-শক্তি ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। যুদ্ধের চতুর্থ সপ্তাহে এসে ট্রাম্পের এই দায়ভার হস্তান্তরের কৌশল রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে, যুদ্ধের সম্ভাব্য ক্ষতির হিসাব সামনে আসায়, ট্রাম্প নিজেকে একক সিদ্ধান্তদাতা হিসেবে দেখাতে চাইছেন না বলেই মনে করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়