News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০১, ২৩ মার্চ ২০২৬

অপারেশনাল ভুলে নিজ নাগরিককে হত্যা করল ইসরায়েলি সেনাবাহিনী

অপারেশনাল ভুলে নিজ নাগরিককে হত্যা করল ইসরায়েলি সেনাবাহিনী

ছবি: সংগৃহীত

লেবানন সীমান্তের কাছে এক ইসরায়েলি বেসামরিক নাগরিকের মৃত্যুর ঘটনায় নিজেদের গোলন্দাজ বাহিনীর ভুল স্বীকার করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। প্রাথমিক অবস্থায় এই প্রাণহানির জন্য লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করা হলেও, সামরিক তদন্তে এটি ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা নিজেদের ছোড়া গোলার আঘাতে মৃত্যু বলে নিশ্চিত হওয়া গেছে। 

সোমবার (২৩ মার্চ) ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়।

নিহত ব্যক্তির নাম ওফের মস্কোভিৎস (৬০)। তিনি উত্তর ইসরায়েলের মিসগাভ আম কিবুতজ (বসতি) এলাকার বাসিন্দা ছিলেন। 

ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটির প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ লেবাননে অভিযানরত ইসরায়েলি সেনাদের সহায়তায় আর্টিলারি হামলার সময় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ইসরায়েলে ইরানের ৪০০ ক্ষেপণাস্ত্র হামলা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা

ইসরায়েলি সেনাবাহিনীর তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় লেবাননের অভ্যন্তরে শত্রুপক্ষের লক্ষ্যবস্তু লক্ষ্য করে গোলা ছুড়ছিল একটি গোলন্দাজ ইউনিট। কিন্তু পরিকল্পনা ও বাস্তবায়নে একাধিক ‘গুরুতর ত্রুটি ও অপারেশনাল ভুল’ থাকায় পাঁচটি শেল নির্ধারিত পথ বিচ্যুত হয়ে যায়। 

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “গোলাগুলো নির্ধারিত নিয়ম মেনে সঠিক কোণে নিক্ষেপ করা হয়নি।” এর ফলে শেলগুলো লেবাননের পরিবর্তে মিসগাভ আম এলাকার একটি রিজে গিয়ে আঘাত হানে, যেখানে অবস্থান করছিলেন মস্কোভিৎস।

ঘটনার পরপরই আইডিএফ দাবি করেছিল যে, লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতেই হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে পরবর্তীতে অবস্থান পরিবর্তন করে বিষয়টি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়। সেই তদন্তেই উঠে আসে যে, হিজবুল্লাহর হামলা নয় বরং নিজেদের সেনার লক্ষ্যভ্রষ্ট গোলার আঘাতেই ওই ইহুদি নাগরিকের মৃত্যু হয়েছে। ইরান ও লেবাননের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিজ দেশের ভূখণ্ডেই এভাবে গোলা পড়ার ঘটনাটি নিয়ে সেনাবাহিনী বিস্তারিত পর্যালোচনা চালাচ্ছে বলে জানানো হয়েছে।

সূত্র: আল-জাজিরা

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়