News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৮, ২৩ মার্চ ২০২৬
আপডেট: ১৪:৪৮, ২৩ মার্চ ২০২৬

নিত্যপণ্যের দাম আরও বাড়বে, কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে: মির্জা ফখরুল

নিত্যপণ্যের দাম আরও বাড়বে, কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে: মির্জা ফখরুল

এলজিআরডি মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। ছবি: সংগৃহীত

আগামী দিনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে এই বাস্তবতা মেনে নিয়েই দেশকে সামনে এগিয়ে যেতে হবে।

সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের সামনে খুব ভালো সময় নয়, বরং কঠিন সময় আসছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আমাদের ওপর বড় প্রভাব ফেলছে। তেলের দাম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়বেএ বাস্তবতা মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের সরবরাহ কিছুটা কমতে পারে। তবে এই অজুহাতে পেট্রোল পাম্পে ভাঙচুর বা আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ‘মব’ বা উশৃঙ্খলতা কঠোরভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কৃষকদের ক্ষতির প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ঝড়-বৃষ্টিতে গম ও আলুর যে ক্ষতি হয়েছে তা সরকার অবগত রয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি ঋণ মওকুফ করা হয়েছে এবং কৃষকদের উন্নয়নে কাজ চলমান রয়েছে।

তিনি জানান, সারা দেশে কয়েক কোটি নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সেচ সুবিধা বাড়াতে দেশজুড়ে ২০ হাজার খাল খনন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, ধর্ম নিয়ে ব্যবসা দেশের মানুষ পছন্দ করে না। সৎ পথে থেকে হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই হওয়া উচিত মূল লক্ষ্য।

এসময় খাল ও নদী পুনঃখনন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়ে বলেন, সব প্রকল্প সময়মতো ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে।

আরও পড়ুন: ঈদের ছুটি শেষ, মঙ্গলবার খুলছে অফিস-আদালত-ব্যাংক

অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়