News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৮, ২৫ মার্চ ২০২৬

যুদ্ধ থামাতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুদ্ধ থামাতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ইরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আল জাজিরা, ওয়াল স্ট্রিট জার্নাল ও দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য এই পরিকল্পনা ইরানের কাছে প্রেরিত হয়েছে।

প্রস্তাবে ইরানকে তার তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বন্ধ রাখা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত রাখা এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন কমানোসহ হরমুজ প্রণালী পুনরায় সম্পূর্ণভাবে খুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিনিময়ে ইরানের ওপর আরোপিত পারমাণবিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দেওয়ার প্রস্তাব রয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রস্তাবটি পাকিস্তানের মাধ্যমে পাঠানো হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান সৈয়দ আসিম মুনির সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছেন। উভয় পক্ষ রাজি হলে ইসলামাবাদ সরাসরি আলোচনার আয়োজন করতেও প্রস্তুত।

এদিকে, রয়টার্স জানিয়েছে, একটি সূত্র নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ইরানের কাছে পরিকল্পনা পাঠিয়েছে, তবে দুই দেশই এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। তবে ইরান দাবি করেছে, তারা কোনো সরাসরি আলোচনায় অংশ নেয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা আক্রমণে সংঘাত চতুর্থ সপ্তাহে প্রবেশ করেছে। বিমান হামলা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারে হতাহতের পাশাপাশি অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এর প্রভাব পড়েছে বৈশ্বিক তেলের বাজার এবং আন্তর্জাতিক বিমান চলাচলে।

আরও পড়ুন: ইরানের ওপর সামরিক অভিযানের দায়ভার প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপাল ট্রাম্প

বিশ্লেষকরা মনে করছেন, ১৫ দফার এই প্রস্তাব সংঘাত নিরসনের সম্ভাব্য কূটনৈতিক পথ তৈরি করতে পারে, তবে বাস্তবায়ন নির্ভর করছে ইরানের সম্মতি, ইসরায়েলের অবস্থান এবং চলমান সামরিক পরিস্থিতির ওপর। ফলে যুদ্ধের মধ্যেই কূটনৈতিক তৎপরতা বাড়লেও স্থায়ী সমাধান এখনও অনিশ্চিত।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়