ঈদের ছুটি শেষ, মঙ্গলবার খুলছে অফিস-আদালত-ব্যাংক
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরের টানা সরকারি ছুটি শেষ হচ্ছে সোমবার (২৩ মার্চ)। সাত দিনের বিরতির পর মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার।
গত শনিবার (২১ মার্চ) দেশে উদযাপিত হয় মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।
এই ছুটি শেষে মঙ্গলবার থেকে কর্মজীবীরা কর্মস্থলে যোগ দেবেন। একই সঙ্গে চালু হবে ব্যাংক-বিমা, শেয়ারবাজারসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান।
তবে ঈদের ছুটি শেষ হওয়ার পরপরই আবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি রয়েছে। এ কারণে অনেক কর্মজীবী ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। এরপর ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি থাকায় অনেকেই টানা দীর্ঘ ছুটি কাটিয়ে পরে অফিসে যোগ দেবেন।
ফলে অফিস-আদালতে পুরোদমে কার্যক্রম শুরু হতে পুরো সপ্তাহ লেগে যেতে পারে। আগামী সপ্তাহে রাজধানীর কর্মচাঞ্চল্য পুরোপুরি স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে।
আগের বছরগুলোর মতো এবারও প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কর্মব্যস্ততা কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময়েই সময় কেটে যায় বেশি। একইভাবে ব্যাংকপাড়ায়ও জরুরি প্রয়োজন ছাড়া লেনদেন তুলনামূলক কম থাকে।
আও পড়ুন: ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছিল নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সেই ছুটিও সোমবার শেষ হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








