ইরানের সঙ্গে যুদ্ধে জয়ী যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে বড় ধরনের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জয়ী হয়েছে এবং তেহরান ওয়াশিংটনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তির প্রস্তাব দিয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) হোয়াইট হাউসের ওভাল অফিসে বক্তব্যে ট্রাম্প বলেন, ইরান একটি “অত্যন্ত গুরুত্বপূর্ণ” প্রস্তাব দিয়েছে, যা বিশেষভাবে হরমুজ প্রণালী সংক্রান্ত। তবে প্রস্তাবটির বিস্তারিত তিনি প্রকাশ করেননি।
একই সঙ্গে তিনি দাবি করেন, “আমরা জিতে গেছি। এই যুদ্ধে আমাদের জয় হয়েছে।”
অন্যদিকে, ইরানি কর্মকর্তারা এখন পর্যন্ত এমন কোনো আলোচনার বিষয়টি অস্বীকার করছেন। ফলে সম্ভাব্য চুক্তি নিয়ে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট বিরোধ দেখা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করছে। হাজার হাজার মার্কিন মেরিন এবং ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কমান্ডার ও কর্মকর্তা মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছেন। একই সময়ে ইসরায়েলও জানিয়েছে, তারা তাদের যুদ্ধ লক্ষ্য পূরণে ইরানের বিরুদ্ধে আরও কয়েক সপ্তাহ অভিযান চালাবে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর তথ্য অনুযায়ী, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ লাইনে আঘাত হেনেছে।
আরও পড়ুন: যুদ্ধ থামাতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আঘাত হেনেছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে একটি তেল আবিবে আঘাত হেনেছে।
বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা ও কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করছে, যদিও সম্ভাব্য কূটনৈতিক সমাধানের ইঙ্গিতও সামনে এসেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








