২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ছবি: সংগৃহীত
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ১৫ এপ্রিল থেকে দেশের অধিকাংশ জেলায় একযোগে পরীক্ষা শুরু হবে।
বুধবার (২৫ মার্চ) অধিদপ্তরের জারি করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার এই সূচি নির্ধারণ করা হয়েছে।
নির্দেশনার মূলসূচি অনুযায়ী, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা ছাড়া দেশের অন্যান্য জেলায় ১৫ এপ্রিল বুধবার পরীক্ষা শুরু হবে। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরবর্তী দিনগুলোর পরীক্ষা শিডিউল: ১৬ এপ্রিল (বৃহস্পতিবার): ইংরেজি, ১৭ এপ্রিল (শুক্রবার): প্রাথমিক গণিত, ১৮ এপ্রিল (শনিবার): বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা চলবে।
তিন পার্বত্য জেলার জন্য ভিন্ন সূচি নির্ধারণ করা হয়েছে। সেখানে: ১৭ এপ্রিল (শুক্রবার): প্রাথমিক গণিত, ১৮ এপ্রিল (শনিবার): বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল (রবিবার): বাংলা, ২০ এপ্রিল (সোমবার): ইংরেজি।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য প্রতিটি পরীক্ষার সঙ্গে অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রবিবার, ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাসের পরিকল্পনা
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষার সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন আয়োজন নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








