News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৩, ২৫ মার্চ ২০২৬

ঈদের ফিরতি যাত্রায় অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ

ঈদের ফিরতি যাত্রায় অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর শেষে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে থাকায় সড়কপথে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

বুধবার (২৫ মার্চ) সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ পরবর্তী সময়ে যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে পরিবহন সংশ্লিষ্ট সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে চালকদের অতিরিক্ত গতি পরিহার, ট্রাফিক নিয়ম মেনে চলা এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সড়ক দুর্ঘটনা এড়ানো যায়।

এতে আরও বলা হয়, যাত্রাপথে বয়স্ক, নারী ও শিশু যাত্রীদের প্রতি বিশেষ যত্নবান হতে হবে। তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে চালক ও সহকারীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত কোনো অর্থ আদায় না করার জন্য পরিবহন মালিক ও সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ভাড়া সংক্রান্ত অনিয়ম ঠেকাতে তদারকি জোরদারের কথাও বলা হয়েছে।

আরও পড়ুন: ঈদের ছুটির পর দুইদিনই সকাল ৯টায় সচিবালয়ে উপস্থিত প্রধানমন্ত্রী

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ঈদের পর ফিরতি যাত্রা নির্বিঘ্ন রাখতে পরিবহন খাতের সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এতে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করা সম্ভব হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়