২৫ মার্চের গণহত্যা সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যাকে একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গণহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।
বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত ও নৃশংসতম দিন। এ দিনে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির ওপর ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইন্সসহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা করা হয়।
তিনি বলেন, ২৫ মার্চের এই হত্যাযজ্ঞ ছিল পূর্বপরিকল্পিত। তবে কেন তা প্রতিরোধ করা সম্ভব হয়নি, সে বিষয়টি এখনও ইতিহাসের গবেষণার বিষয়। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ওই রাতেই চট্টগ্রামে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ‘উই রিভোল্ট’ ঘোষণার মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলে, যা পরবর্তীতে দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধের সূচনা করে।
প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার সঠিক মূল্য ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হলে ২৫ মার্চের গণহত্যা সম্পর্কে জানা জরুরি। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।
আরও পড়ুন: ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের
শেষে তিনি মহান আল্লাহর কাছে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণহত্যা দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা প্রত্যাশা করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








