ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটি শেষে আবারও যান্ত্রিক নগরী ঢাকায় ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ।
সোমবার (২৩ মার্চ) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন, সায়েদাবাদ-গাবতলী বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে রাজধানীমুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
এর আগে লম্বা ছুটি পেয়ে গত ১৭ মার্চ থেকে রাজধানী তুলনামূলকভাবে ফাঁকা ছিল। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদ্যাপনে একে একে গ্রামের পানে ছুটে যান লাখো মানুষ। বাস, ট্রেন ও লঞ্চ সবখানেই ঘরমুখো যাত্রীদের চিরচেনা ভিড় দেখা গেছে।
মূলত মঙ্গলবার (২৪ মার্চ) থেকে সরকারি ও বেসরকারি অধিকাংশ অফিস পুরোদমে চালু হওয়ার কারণে সোমবার সকাল থেকেই ফেরার তোড়জোড় শুরু হয়। আগেভাগে ফিরা যাত্রীরা জানান, শেষ মুহূর্তের যানজট ও ভিড় এড়াতেই তারা একদিন আগে ঢাকায় পৌঁছেছেন, ফলে তাদের যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হয়েছে।
তবে রেলওয়ের শিডিউল নিয়ে কিছু যাত্রী অসন্তুষ্ট। কমলাপুর স্টেশনে আসা যাত্রীদের অভিযোগ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা ট্রেনগুলো নির্ধারিত সময়ের বেশ দেরিতে পৌঁছাচ্ছে। একইভাবে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর ক্ষেত্রেও বিলম্ব দেখা গেছে।
উত্তরবঙ্গ ও উপকূলীয় জেলাগুলো থেকে আসা যাত্রীরা জানান, স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হওয়ায় বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য ভোগান্তি বেড়ে গেছে।
সড়কপথেও দূরপাল্লার বাসগুলোতে ছিল উপচেপড়া ভিড়। তবে মহাসড়কগুলোতে বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার যাত্রীদের চাপ আরও বাড়বে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাস ও ট্রেনের বিশেষ ট্রিপ চালু রাখা হয়েছে।
সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলোতেও ছিল উপচেপড়া ভিড়, তবে আবহাওয়া অনুকূলে থাকায় যাত্রা নিরাপদ ছিল।
আরও পড়ুন: ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩৩ বাংলাদেশি
এদিকে ঢাকায় ফেরার ভিড়ের মধ্যে আজও অনেককে সপরিবারে ঢাকা ছাড়তে দেখা গেছে। যারা কর্মব্যস্ততা বা পেশাগত কারণে ঈদের দিন বাড়িতে থাকতে পারেননি, তারা এখন ছুটি পেয়ে গ্রামের পানে ছুটছেন। ট্রেনের অগ্রিম টিকিট সংগ্রহ করে তারা নির্বিঘ্নে যাত্রা করছেন। অনেকেই সড়কপথের দীর্ঘ যানজট এড়াতে রেলপথকে বেছে নিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








