দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
ফাইল ছবি
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত এই কমিটির মাধ্যমে সারাদেশের শহর ও গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রমে সমন্বিত দিকনির্দেশনা প্রদান করা হবে।
বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠিত কমিটির কার্যপরিধির আওতায় ঈদুল ফিতর ২০২৬-এর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে এবং বছরব্যাপী এ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ঈদের ছুটি শেষে প্রতিষ্ঠান খোলার পূর্বে ক্যাম্পাস সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন করতে হবে এবং প্রতিদিন নিয়মিত তদারকির মাধ্যমে এ পরিবেশ বজায় রাখতে হবে।
এছাড়া প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও বাগান পরিচর্যা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় আশা করছে, এসব পদক্ষেপের মাধ্যমে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটি টেকসই পরিচ্ছন্ন পরিবেশ গড়ে উঠবে এবং শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত অভ্যাস তৈরিতে ইতিবাচক প্রভাব পড়বে।
নিউজবাংলাদেশ.কম/পলি








