News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১৫, ২৫ মার্চ ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ সবার জন্য উন্মুক্ত রাখার নির্দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ সবার জন্য উন্মুক্ত রাখার নির্দেশ

ছবি: নিউজবাংলাদেশ

দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ সংরক্ষণ এবং তা শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছে সরকার। বিশেষ করে প্রতিদিনের শিক্ষা কার্যক্রম শেষ হওয়ার পর এবং সাপ্তাহিক ও অন্যান্য ছুটির দিনগুলোতে এসব মাঠ ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে বলা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো চিঠি ও প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়, যা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রেরিত। এতে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, সারাদেশে শহর ও গ্রাম পর্যায়ে খেলার মাঠ নির্ধারণ, সংরক্ষণ ও কার্যকর ব্যবহারের লক্ষ্যে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যমান মাঠগুলো কোনোভাবেই অব্যবহৃত বা বেদখল হতে দেওয়া যাবে না এবং নিয়মিত খেলাধুলার কাজে ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিকে ৭ খেলা অন্তর্ভুক্তির নির্দেশ

এতে আরও স্পষ্ট করা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম শেষে কিংবা ছুটির দিনগুলোতে মাঠ তালাবদ্ধ রাখা যাবে না। বরং আশপাশের এলাকার ছেলে-মেয়েদের খেলাধুলার সুবিধার্থে মাঠগুলো উন্মুক্ত রাখতে হবে। কেবল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য নয়, স্থানীয় সব শিশু-কিশোর যেন খেলাধুলার সুযোগ পায়, সেটি নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে তাদের অধীনস্থ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এ নির্দেশনা দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে মাঠ ব্যবহারের বিষয়টি নিয়মিত তদারকি করতে এবং খেলাধুলার উপযোগী পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে খেলার মাঠের সংকট নিরসন এবং নতুন প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়