২৬ মার্চ রাজধানীর বিশেষ ট্রাফিক পরিকল্পনা
ফাইল ছবি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপনের জন্য ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিশেষ যান চলাচল ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মানিক মিয়া এভিনিউয়ে কনসার্ট আয়োজনের কারণে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানসমূহ ঘিরে রাজধানীর শেরেবাংলা নগর, বঙ্গভবন ও সংসদ ভবন সংলগ্ন এলাকায় বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ ও ডাইভারশন পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৫ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। অনুষ্ঠানে আগত অতিভিদের সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে এবং যানজট পরিহারে সাধারণ যাত্রী ও চালকদের নির্দিষ্ট কিছু সড়ক এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
জাতীয় প্যারেড স্কয়ার ও কুচকাওয়াজ কেন্দ্রিক ব্যবস্থাপনা (সকাল ১০টা - দুপুর ১২:৩০)
জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত কুচকাওয়াজে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিদেশি কূটনীতিকসহ উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
এই সময়ে আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া সাধারণ যানবাহনের জন্য নিচের সড়কগুলো বন্ধ থাকবে:
- বেগম রোকেয়া সরণির আগারগাঁও লাইট ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং।
- প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড (আগারগাঁও লিংক রোড)।
- সৈয়দ মাহবুব মোর্শেদ রোডের শিশুমেলা ক্রসিং হতে আগারগাঁও ক্রসিং।
- জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিং (পুরাতন গণভবন) হতে উড়োজাহাজ ক্রসিং।
বিকল্প পথ ও ডাইভারশন: কুচকাওয়াজ চলাকালীন জাহাঙ্গীরগেট থেকে আসা যানবাহনগুলো বিজয় সরণি হয়ে উড়োজাহাজ ক্রসিং ও লেকরোড দিয়ে মিরপুর রোডে প্রবেশ করবে। মিরপুর-১০ থেকে আসা যানবাহন আগারগাঁও লাইট ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে শিশুমেলা হয়ে মিরপুর রোড ব্যবহার করবে। এছাড়া ফার্মগেট থেকে মিরপুরগামী যানবাহনগুলো খেজুরবাগান ও মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোডে চলাচল করবে। ধানমন্ডি থেকে আসা মিরপুরমুখী যানবাহনগুলোকে টেকনিক্যাল মোড় হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২
বঙ্গভবন কেন্দ্রিক ট্রাফিক নিয়ন্ত্রণ (বিকাল ৪:০০ - বিকাল ৫:৩০)
বিকালে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান উপলক্ষ্যে মতিঝিল ও গুলিস্তান সংলগ্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
স্টিকারবিহীন সাধারণ যানবাহনের জন্য বন্ধ থাকবে নিম্নোক্ত পয়েন্টগুলো:
- আবরার ফাহাদ এভিনিউ (জিরো পয়েন্ট থেকে গুলিস্তান চত্বর)।
- ডিআইটি রোডের গুলিস্তান চত্বর থেকে রাজউক ক্রসিং এবং দৈনিক বাংলা দক্ষিণ প্রান্ত থেকে রাজউক ক্রসিং।
- ফজলে রাব্বি রোডের আহাদ পুলিশ বক্স থেকে জয়কালী মন্দির ক্রসিংয়ের পশ্চিম প্রান্ত।
- দিলকুশা রোডের অ্যালিকো গ্যাপ, পূবালী ব্যাংক গ্যাপ, সিটি সেন্টার গ্যাপসহ ২৪ তলা ভবন সংলগ্ন গ্যাপসমূহ।
বিকল্প পথ ও ডাইভারশন: আব্দুল গণি রোড থেকে আসা সাধারণ যানবাহনগুলো ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা-শাপলা চত্বর দিকে যাবে। হানিফ ফ্লাইওভার থেকে নামা যানবাহন জিরো পয়েন্ট দিয়ে হাইকোর্ট বা ইউবিএল অভিমুখে চলাচল করবে। জয়কালী মন্দির থেকে গুলিস্তানগামী যানবাহনগুলোকে এক লেনে ইত্তেফাক ক্রসিং হয়ে শাপলা চত্বর দিয়ে যাতায়াত করতে হবে।
মানিক মিয়া এভিনিউ ও কনসার্ট ব্যবস্থাপনা (সন্ধ্যা ৬:০০ - রাত ১১:৩০)
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মানিক মিয়া এভিনিউতে আয়োজিত কনসার্টের কারণে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সংসদ ভবন সংলগ্ন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর থাকবে। বিশেষ করে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত (আড়ং ক্রসিং) এবং পূর্ব প্রান্ত (খেজুর বাগান ক্রসিং) দিয়ে সাধারণ যান চলাচল সীমিত করা হবে।
বিকল্প পথ ও ডাইভারশন: শ্যামলী ও মোহাম্মদপুর থেকে ফার্মগেটগামী যানবাহনগুলো লেক রোড ও উড়োজাহাজ ক্রসিং ব্যবহার করবে। শাহবাগ ও সোনারগাঁও থেকে আসা মিরপুরমুখী যানবাহনগুলো বিজয় সরণি-উড়োজাহাজ ক্রসিং-লেক রোড হয়ে চলাচল করবে। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামা যানবাহনগুলো খেজুরবাগান ক্রসিং হয়ে উড়োজাহাজ ক্রসিংয়ের পথ ব্যবহার করবে। ধানমন্ডি ও নিউমার্কেট থেকে আসা যানবাহনগুলো গণভবন ক্রসিং ও লেক রোড দিয়ে গন্তব্যে পৌঁছাবে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় অনুষ্ঠানসমূহ নির্বিঘ্ন করতে এই সাময়িক অসুবিধা মোকাবিলায় নগরবাসীর আন্তরিক সহযোগিতা কাম্য।
নিউজবাংলাদেশ.কম/পলি








