News Bangladesh

ফরিদপুর সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১৩, ২৫ মার্চ ২০২৬

ফরিদপুরে স্বতন্ত্র সংসদ প্রার্থীর গুলিতে ছোট ভাই নিহত

ফরিদপুরে স্বতন্ত্র সংসদ প্রার্থীর গুলিতে ছোট ভাই নিহত

ছবি: নিউজবাংলাদেশ

ফরিদপুরের বোয়ালমারীতে পৈত্রিক জমির গাছ কাটাকে কেন্দ্র করে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত হওয়ার এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। 

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বোয়ালমারী পৌরসভার চতুল উত্তরপাড়া এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম হুমায়ুন কবীর মিন্টু। অভিযুক্ত ঘাতক বড় ভাই ডা. গোলাম কবীরকে স্থানীয়রা হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, চতুল উত্তরপাড়া গ্রামের কাওছার শেখের দুই ছেলে ডা. কবীর ও মিন্টুর মধ্যে ৪০ শতাংশ পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি বড় ভাই গোলাম কবীর ওই জমির গাছ প্রায় ৮০ হাজার টাকায় বিক্রি করে দেন। বুধবার সকালে ক্রেতারা গাছ কাটতে এলে ছোট ভাই মিন্টু তাতে বাধা প্রদান করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডার একপর্যায়ে ডা. কবীর ঘর থেকে একটি শর্টগান বের করে এনে ছোট ভাইকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। গুলিতে বিদ্ধ হয়ে মিন্টু ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২

প্রত্যক্ষদর্শী বিলায়েত হোসেন মৃধা জানান, গুলির শব্দ শুনে বাইরে এসে দেখেন গোলাম কবীর তার ছোট ভাইকে গুলি করে পালানোর চেষ্টা করছেন। পরে তারা ধাওয়া করে তাকে আটক করেন। 

নিহতের অপর ভাই আলমগীর কবীর কান্নায় ভেঙে পড়ে জানান, চোখের সামনে সামান্য গাছের জন্য বড় ভাই এভাবে ছোট ভাইকে হত্যা করবে তা তারা কল্পনাও করতে পারেননি।

মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত ডা. গোলাম কবীরকে ব্যবহৃত শর্টগানসহ আটক করা হয়েছে। মূলত জমি ও গাছ কাটাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, অভিযুক্ত ডা. গোলাম কবীর গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে নির্বাচনে তিনি নগণ্য ভোট পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়