রাজবাড়ীতে পাম্পে সিরিয়াল ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২
ছবি: সংগৃহীত
রাজবাড়ীর কালুখালী উপজেলায় জ্বালানি তেল নেওয়ার সিরিয়াল অতিক্রম করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন।
সোমবার (২৩ মার্চ) রাত ৯টা ৫০ মিনিট থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার মোহনপুর এলাকার শেখ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জ্বালানি তেলের সংকটের কারণে ওই রাতে ফিলিং স্টেশনে মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়। এ সময় কয়েকজন যুবক নির্ধারিত সিরিয়াল ভেঙে আগে তেল নেওয়ার চেষ্টা করলে সাধারণ গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ নিয়ে অপেক্ষমাণ অন্যদের সাথে তাদের বাগবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা চরম উত্তেজনায় রূপ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় পাম্প চত্বরে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কর্তৃপক্ষ সাময়িকভাবে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেয়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বোতলের ক্যাপ ছোড়া নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তেলের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে মূলত এই ঝামেলার সূত্রপাত। সংঘর্ষ চলাকালে এক যুবক তার হাতের চাবির রিং দিয়ে আঘাত করলে অন্য এক ব্যক্তির মাথায় আঘাত লেগে রক্তপাত হয়। পরে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, সংঘর্ষে জড়িতদের মধ্যে একটি পক্ষ পাম্প মালিকের আত্মীয় বলে জানা গেছে। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পাম্প কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়। পরবর্তীতে উভয় পক্ষের পরিবার ঘটনাস্থলে এসে বিষয়টি মীমাংসা করে ফেলেন।
ঘটনার পর এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হলেও রাত পর্যন্ত থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি। বর্তমানে পাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তেল সরবরাহ কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








