ঈদের ছুটি শেষে খুলেছে অফিস, ফিরছে কর্মচাঞ্চল্য
ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের সরকারি ছুটি শেষে সারা দেশে সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান এবং শেয়ারবাজার পুনরায় চালু হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হয়ে কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত, যা রমজান মাসের সংক্ষিপ্ত সময়সূচি শেষে আগের নিয়মে ফিরে এসেছে।
গত ২১ মার্চ (শনিবার) সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষ্যে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। যদিও মাঝখানে ১৮ মার্চ একদিন অফিস খোলা থাকার কথা ছিল, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সেদিনও অতিরিক্ত ছুটি দেওয়া হয়। ফলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি ভোগ করেন।
ঈদ উদযাপন শেষে কর্মজীবী মানুষ ধীরে ধীরে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন। ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা গেছে।
সংশ্লিষ্টদের ধারণা, অধিকাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারী সোমবারের (২৩ মার্চ) মধ্যেই কর্মস্থলে ফিরেছেন, তবে উপস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।
আরও পড়ুন: ঈদের ছুটি শেষ, মঙ্গলবার খুলছে অফিস-আদালত-ব্যাংক
এদিকে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি এবং পরবর্তী শুক্র ও শনিবার (২৭ ও ২৮ মার্চ) সাপ্তাহিক বন্ধ থাকায় অনেকেই মাঝের ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে এবার অনেক কর্মজীবী টানা প্রায় ১২ দিনের দীর্ঘ ছুটি কাটাচ্ছেন। এ কারণে চলতি সপ্তাহজুড়ে অফিস-আদালতের কার্যক্রম আংশিক গতিতে চলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্বাভাবিক কর্মচাঞ্চল্য পুরোপুরি ফিরবে আগামী সপ্তাহ থেকে।
প্রতিবছরের মতো ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কাজের চাপ তুলনামূলক কম থাকে। সহকর্মীদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কুশলাদি বিনিময়ই বেশি গুরুত্ব পায়। একইভাবে ব্যাংকিং খাতেও জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনের চাপ কম থাকার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে ঈদ উপলক্ষ্যে সংবাদপত্র শিল্পেও টানা পাঁচ দিনের ছুটি ছিল। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি ঘোষণা করেছিল। সেই ছুটি সোমবার শেষ হওয়ায় আজ থেকে সংবাদমাধ্যমগুলোও আবার স্বাভাবিক কার্যক্রমে ফিরছে।
সার্বিক পরিস্থিতিতে বলা হচ্ছে, অফিস-আদালত খুললেও পূর্ণাঙ্গ কর্মব্যস্ততা ফিরে পেতে চলতি সপ্তাহ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরই রাজধানী ঢাকা তার স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








