২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা
ফাইল ছবি
আগামী ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ উদযাপনের প্রস্তুতিমূলক কাজের অংশ হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।
সোমবার (২৩ মার্চ) এক সরকারি তথ্য বিবরণীতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
তথ্য বিবরণীতে বলা হয়েছে, স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানের যথাযথ প্রস্তুতি গ্রহণ এবং স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার সুবিধার্থে আজ সোমবার থেকেই এই বিধিনিষেধ কার্যকর হচ্ছে। এই পরিচ্ছন্নতা কার্যক্রম ও সৌধ এলাকার পবিত্রতা রক্ষায় সোমবার থেকে বুধবার (২৫ মার্চ) পর্যন্ত তিন দিন দর্শনার্থীদের প্রবেশাধিকার সম্পূর্ণ বন্ধ থাকবে।
আরও পড়ুন: বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ ব্যাখ্যা করল মার্কিন দূতাবাস
প্রতিবেদনে আরও জানানো হয়, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ভোরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ আমন্ত্রিত অতিথিতিবৃন্দ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা শেষে অতিথিবৃন্দ স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ না করা পর্যন্ত জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা বহাল থাকবে। আমন্ত্রিত অতিথিদের বিদায়ের পর স্মৃতিসৌধ এলাকা সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
জাতীয় এই গুরুত্বপূর্ণ দিবসের মর্যাদা রক্ষা এবং স্মৃতিসৌধের পবিত্রতা ও সৌন্দর্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ নাগরিকদের কাছ থেকে আন্তরিক সহযোগিতা কামনা করেছে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সকলকে এই রাষ্ট্রীয় সিদ্ধান্ত মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








