ঈশ্বরদীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশত
ছবি: সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ মার্চ) দুপুরে ঈশ্বরদী শহরের রেলগেট এবং পোস্ট অফিস মোড়সহ আশপাশের এলাকায় এই তাণ্ডব চলে। এ সময় দলীয় কার্যালয় ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অভিযানে নামলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার নিয়ে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে চরম উত্তেজনা বিরাজ করছিল। নেতাকর্মীদের মারধর, অফিস ভাঙচুর ও লুটপাটের পাল্টাপাল্টি অভিযোগ তুলে সোমবার সকালে উভয় পক্ষই পৃথক সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলন শেষে দুপুরে দুই পক্ষের কর্মী-সমর্থকরা শহরে বিক্ষোভ মিছিল বের করলে রেলগেট এলাকায় তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেশ কিছু মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে।
আরও পড়ুন: মিঠামইনে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৩০
সংঘর্ষের খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও উত্তেজিত নেতা-কর্মীদের ইট-পাটকেলের আঘাতে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। এক পর্যায়ে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে শক্ত অবস্থান নেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৯ রাউন্ড শর্টগানের গুলি ছুড়তে বাধ্য হয়েছে। সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে অন্তত পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবণ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহরজুড়ে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের পর থেকে ঈশ্বরদী শহরের দোকানপাট বন্ধ রয়েছে এবং পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








