News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪০, ২৪ মার্চ ২০২৬
আপডেট: ০৯:৪১, ২৪ মার্চ ২০২৬

স্বাধীনতা দিবসে প্যারেড স্কয়ারে থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

স্বাধীনতা দিবসে প্যারেড স্কয়ারে থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ফাইল ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষে আগামী ২৬ মার্চ রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে এক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

সোমবার (২৩ মার্চ) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআরের তথ্যবিবরণী অনুযায়ী, ২৬ মার্চ সকাল ৯টায় শুরু হতে যাওয়া এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সশস্ত্র বাহিনীর চৌকস সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজের পাশাপাশি আকাশে অনুষ্ঠিত হবে আকর্ষণীয় ফ্লাই পাস্ট, যা এবারের অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। 

আরও পড়ুন: ২৫ মার্চ সারা দেশে এক মিনিটের ‘ব্ল্যাকআউট’

সংশ্লিষ্টরা মনে করছেন, স্বাধীনতার গৌরবময় ইতিহাস স্মরণ এবং দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মধ্যে জাগ্রত করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবারের মহান স্বাধীনতা দিবসের এই বিশেষ আয়োজন সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আগ্রহী দর্শনার্থীরা নির্ধারিত ৫টি গেট ব্যবহার করে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারবেন। 

প্যারেড স্কয়ারে প্রবেশের জন্য নির্ধারিত ফটকগুলো হলো ২, ৩, ৪, ১০ ও ১১ নম্বর গেট। তবে অনুষ্ঠানস্থলের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আগত দর্শকদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সকল নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়