News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৬, ২৪ মার্চ ২০২৬

ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী: দিনভর ব্যস্ত সূচি ও বৈঠক

ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী: দিনভর ব্যস্ত সূচি ও বৈঠক

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরের সাত দিনের দীর্ঘ ছুটি শেষে থেকে পুরোদমে শুরু হয়েছে সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়েও ফিরেছে কর্মচাঞ্চল্য। 

তবে এবারের শুরুটা অন্যরকম; মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টায় নির্ধারিত সময়েই সচিবালয়ে উপস্থিত হয়ে কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণত মন্ত্রিপরিষদ বিভাগ থেকেই তিনি দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর আজকের দিনটি শুরু হয়েছে অত্যন্ত ব্যস্ত সূচির মধ্য দিয়ে। সকাল ১০টায় তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া প্যাসিফিক অঞ্চলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং সংস্কার কার্যক্রমে আইএমএফ-এর সম্ভাব্য সহযোগিতা নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এরপর সকাল ১১টায় প্রধানমন্ত্রী অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষা এবং ব্যবস্থাপনা জোরদার করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিভাগীয় প্রধানদের সঙ্গে একটি বিশেষ বৈঠক করেন। দেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে প্যারেড স্কয়ারে থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

বিদেশে দক্ষ জনবল পাঠানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকায় শীর্ষে রয়েছে। আজ সচিবালয়ে এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রী। বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে কেবল শ্রমিক নয়, বরং কারিগরিভাবে দক্ষ জনবল পাঠিয়ে কীভাবে বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান সুসংহত করা যায়, সে বিষয়ে তিনি কর্মকর্তাদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।

দুপুরের আগে প্রধানমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টার সঙ্গে ‘ফ্যামিলি কার্ড’ সংক্রান্ত একটি পর্যালোচনা সভায় অংশ নেন। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বরাদ্দকৃত এই কার্ডের বিতরণ প্রক্রিয়া, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং কার্ডধারীদের তালিকায় কোনো ত্রুটি আছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। সামাজিক নিরাপত্তার বেষ্টনী আরও শক্তিশালী করতে এই প্রকল্পটির সার্বিক অগ্রগতি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করলেও ব্যবস্থাপনা আরও আধুনিক করার তাগিদ দেন।

সচিবালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আজকের সূচি অত্যন্ত দীর্ঘ। দুপুরের খাবারের বিরতির পর বিকেল পর্যন্ত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী মিটিংয়ে তার অংশ নেওয়ার কথা রয়েছে। বিশেষ করে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তদারকি এবং প্রশাসনিক সংস্কার সংক্রান্ত বিষয়গুলো আজকের বিকেলের আলোচনায় প্রাধান্য পাবে।

উল্লেখ্য, দীর্ঘ ছুটির পর প্রথম কর্মদিবসেই প্রধানমন্ত্রীর এই কঠোর কর্মতৎপরতা সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। সকালেই বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবগণ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর স্ব-স্ব দপ্তরের কাজে মনোনিবেশ করেছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়