প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
দীর্ঘ এক সপ্তাহের ঈদুল ফিতরের অবকাশ শেষে পূর্ণ উদ্যমে রাষ্ট্রীয় কার্যক্রমে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টায় সচিবালয়ে নিজ দপ্তরে যোগদানের মাধ্যমেই শুরু হয় তার ব্যস্ততম কর্মদিবস।
ছুটির পর প্রথম দিনেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক এবং রাজধানীর যানজট নিরসনে নীতিনির্ধারণী সভাসহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন তিনি।
দিনের শুরুতেই প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন আইএমএফ-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন।
প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, উন্নয়ন সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইএমএফের সঙ্গে বাংলাদেশের চলমান ঋণ কর্মসূচি ও অর্থনৈতিক সংস্কারের প্রেক্ষাপটে এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী ও আইএমএফ পরিচালক দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা ও বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের প্রবৃদ্ধি ধরে রাখার কৌশল নিয়েও আলোচনা করেন।
আরও পড়ুন: ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী: দিনভর ব্যস্ত সূচি ও বৈঠক
সকাল ১১টায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক জরুরি সভায় বসেন। রাজধানীর চিরচেনা জনদুর্ভোগ ‘যানজট’ নিরসনে এদিন তিনি কঠোর অবস্থান গ্রহণ করেন। সভায় ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং ডিজিটাল পদ্ধতিতে সিগন্যাল নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করা হয়। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
দুপুরের সেশনে প্রধানমন্ত্রী বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির পর্যালোচনা সভায় অংশ নেন। সেখানে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর প্রক্রিয়াকে আরও গতিশীল করার ওপর জোর দেন তিনি। এছাড়া বিকেলের কর্মসূচিতে ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা। দিনের শেষ ভাগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সাথে দেশের প্রশাসনিক স্থবিরতা কাটাতে বিশেষ বৈঠক করবেন বলে জানা গেছে।
পবিত্র ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষ্যে টানা সাত দিনের ছুটি শেষে আজ থেকেই সচিবালয়সহ সকল সরকারি-বেসরকারি অফিস চেনা ছন্দে ফিরেছে। ব্যাংকগুলোতেও আজ থেকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেনের পুরনো সময়সূচি কার্যকর হয়েছে। পুঁজিবাজারেও লেনদেন চলছে নতুন সময় অনুযায়ী (সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট)। তবে আজ ও আগামীকাল কর্মদিবস পার করলেই আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস এবং পরবর্তী শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে আবারও তিন দিনের অবকাশের সুযোগ পাচ্ছেন চাকরিজীবীরা।
দীর্ঘ ছুটি কাটিয়ে প্রধানমন্ত্রীর কাজে ফেরাকে কেন্দ্র করে সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








