হরমুজ প্রণালিতে পাকিস্তানি তেলবাহী জাহাজ আটকে দিলো ইরান
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নিয়ম লঙ্ঘনের অভিযোগে পাকিস্তানের একটি তেলবাহী কার্গো জাহাজকে আটকে দিয়েছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচির উদ্দেশ্যে রওনা হয়েছিল।
মঙ্গলবার (২৪ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচি যাওয়ার পথে ‘সেলেন’ নামের পাকিস্তানি পতাকাবাহী জাহাজটিকে আটক করা হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া ও এএফপি এই খবর নিশ্চিত করেছে।
আইআরজিসি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বার্তায় জানিয়েছে, জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশের আগে ইরানের সামুদ্রিক চলাচল কর্তৃপক্ষের অনুমতি নেয়নি এবং প্রয়োজনীয় নথিপত্রও ছিল না। এই কারণে প্রণালির প্রবেশমুখেই জাহাজটিকে থামিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ক্যাপ্টেন এবং ক্রুদের জিজ্ঞাসাবাদের পর জাহাজটি ছেড়ে দেওয়া হলেও হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হয়নি।
আইআরজিসি জাহাজটিকে বিকল্প পথে ফিরে যাওয়ার নির্দেশ দেয়, যা ‘সেলেন’ মেনে চলে।
আরও পড়ুন: শত্রু জাহাজ ছাড়া সবার জন্য হরমুজ খোলা: ইরান
আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরি বলেন, আইনি প্রটোকল না মানা এবং কর্তৃপক্ষের অনুমতি না নেওয়ার কারণে জাহাজটিকে হরমুজ প্রণালি থেকে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজের জন্য ইরানের সামুদ্রিক চলাচল কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।
হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জলপথের মাধ্যমে বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরান প্রণালিতে কার্যত অবরোধ জারি করেছে, যা আন্তর্জাতিক তেলবাজারে সরবরাহ ব্যাহত করছে এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে।
পাকিস্তানের ব্যাপারটি অন্যান্য দেশের থেকে আলাদা। ইরান ও পাকিস্তান প্রতিবেশী দেশ এবং উভয়ই দাবি করে যে তাদের মধ্যে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনার জন্য পাকিস্তানকে মধ্যস্থতাকারী দেশ হিসেবে নিয়োগ করেছে। পাকিস্তানও এই ভূমিকা নিতে আগ্রহী এবং ইতোমধ্যেই তেহরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনাসূত্র শুরু করেছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে পাকিস্তানের জাহাজ আটক হওয়ায় কূটনৈতিক ও আঞ্চলিক উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। তবে আইআরজিসির পদক্ষেপ আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা এবং নিয়ম মেনে চলার গুরুত্বকেও তুলে ধরেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








