News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪৫, ২৫ মার্চ ২০২৬

ঢাকাসহ ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ঢাকাসহ ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ফাইল ছবি

সারাদেশে বসন্তের আবহ থাকলেও রাজধানী ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা বৃদ্ধির পর সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২৫ মার্চ) বিকেলে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দু-এক জায়গায় এসব আবহাওয়ার ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রংপুরের তেঁতুলিয়ায় ১৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ, বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছিল।

আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দেওয়া হবে: তথ্যমন্ত্রী

ঢাকার পাশাপাশি দেশের ১২ জেলার অভ্যন্তরীণ নদীবন্দর সমূহে বুধবার রাত ১টার মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এতে পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বাতাসের গতি এই অঞ্চলে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।

শনিবার (২৮ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ের মধ্যে দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রবিবার (২৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল থেকে আগামী পাঁচ দিনের মধ্যে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়