জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দেওয়া হবে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত
জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের সর্বসম্মতভাবে আইনি সুরক্ষা বা দায়মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সংক্রান্ত একটি আইন জাতীয় সংসদের আগামী অধিবেশনেই পাস করা হবে বলেও জানান তিনি।
বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দায়িত্ব নেওয়ার ২১ দিনের মধ্যেই ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু হয়েছে এবং ৪ কোটি ১০ লাখ পরিবারকে এই কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এছাড়া ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও জানান, আগামী পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে ২১ হাজার কৃষক এই কার্ড পাবেন।
সরকারের সংস্কারমূলক পদক্ষেপের বিষয়ে মন্ত্রী বলেন, এখন থেকে সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি বা সরকারি প্লট নেবেন না। পাশাপাশি প্রধানমন্ত্রীর ভিআইপি প্রটোকল বহরও সীমিত করা হয়েছে।
স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের কাজ শুরু হয়েছে, যার ৮০ শতাংশ নারী। পাশাপাশি নাগরিকদের জন্য ‘ই-হেলথ কার্ড’ চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
পোশাক খাতে ২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নির্বিঘ্ন হয়েছে এবং কোনো অসন্তোষ দেখা যায়নি বলেও উল্লেখ করেন মন্ত্রী।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব থাকলেও দেশে আপাতত জ্বালানির কোনো সংকট নেই এবং দাম বাড়ানোর পরিকল্পনাও নেই।
আরও পড়ুন: স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
এ ছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর পাশাপাশি বড় বিমানবন্দরগুলোতে ফ্রি ইন্টারনেট সেবা চালুর কথাও জানান তিনি। ইরান-ইসরায়েল সংঘাতের কারণে ইরানে আটকে পড়া ৪০০-এর বেশি প্রবাসীকে সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী।
নিউজবাংলাদেশ.কম/এসবি








