দ্বিতীয় দফায় ভারতে অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির
তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের চিকিৎসার অংশ হিসেবে ভারতে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
তিনি বলেন, অস্ত্রোপচারের পর তানিয়ার অবস্থা এখন স্থিতিশীল হলেও তাকে বিশেষ সতর্কতার মধ্যে থাকতে হবে।
জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে প্রথম দফায় ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয় তানিয়া বৃষ্টির। পরবর্তীতে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।
চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে গত ৯ মার্চ দ্বিতীয় দফায় তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। অপারেশনের পর কয়েকদিন তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। টানা চিকিৎসার পর ২১ মার্চ তাকে কেবিনে স্থানান্তর করা হয় এবং ২২ মার্চ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। মোট ১৪ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সুস্থতার জন্য তানিয়া বৃষ্টিকে মানসিক চাপ এড়িয়ে চলতে হবে এবং নিয়মিত পর্যবেক্ষণে থাকতে হবে। আগামী ১০ এপ্রিল ফলোআপের জন্য তাকে আবারও চেন্নাই যেতে হবে।
আরও পড়ুন: যেকোনো সময় মরে যেতে পারি: মাহিয়া মাহি
অন্যদিকে নিজের অসুস্থতা নিয়ে সামাজিক মাধ্যমে সংক্ষিপ্ত বার্তায় তানিয়া বৃষ্টি লিখেছেন, “অপারেশন + লাইফ সাপোর্ট + আইসিইউ = ১১ দিন।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








