News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৮, ১৬ মার্চ ২০২৬

ঢাবির নতুন উপাচার্য ড. ওবায়দুল ইসলাম

ঢাবির নতুন উপাচার্য ড. ওবায়দুল ইসলাম

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য ও ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। একইসঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ।

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেন। ড. ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেওয়ায় শূন্য হতে যাওয়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খানের নিয়োগ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর আবেদন করেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আগস্টের শেষের দিকে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন। 

পদত্যাগের আগে এক বিশেষ সংবাদ সম্মেলনে অধ্যাপক নিয়াজ আহমদ খান জানান, বিশ্ববিদ্যালয়ের আপৎকালীন পরিস্থিতি কাটিয়ে শিক্ষা কার্যক্রম এখন স্বাভাবিক ও ঊর্ধ্বমুখী। তাই রাজনৈতিক সরকার যেন তাদের পরিকল্পনা অনুযায়ী প্রশাসন সাজিয়ে নিতে পারে, সেজন্যই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দ্রুত ডেপুটেশন থেকে অব্যাহতি পেয়ে নিজ বিভাগ 'ডেভেলপমেন্ট স্টাডিজ'-এ শিক্ষকতায় ফেরার ইচ্ছা প্রকাশ করেন।

আরও পড়ুন: ভর্তিতে লটারি বাদ, ফিরছে মেধা যাচাইয়ের পরীক্ষা

শিক্ষা প্রশাসনে এই রদবদলের অংশ হিসেবে ইউজিসি চেয়ারম্যান পদেও পরিবর্তন আসছে। বর্তমান চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সোমবার (১৬ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পদত্যাগপত্র জমা দেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ঢাবির সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ।

বাগেরহাটের মোড়েলগঞ্জে জন্ম নেওয়া অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম একজন প্রথিতযশা শিক্ষাবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে স্নাতক ও ১৯৮৮ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীকালে ১৯৯৯ সালে জাপানের তোয়ামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৪ সালে ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করে তিনি অধ্যাপক পদে উন্নীত হন।

প্রশাসনিক ও সাংগঠনিক ক্ষেত্রেও তাঁর ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সভাপতি। ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর তিনি বাউবির উপাচার্য নিযুক্ত হয়েছিলেন। তার তিন ডজনেরও বেশি গবেষণা নিবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রজ্ঞাপন জারিসহ আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নবনিযুক্ত উপাচার্য ও চেয়ারম্যানগণ আনুষ্ঠানিকভাবে নিজ নিজ দপ্তরে দায়িত্বভার গ্রহণ করবেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়