News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৬, ৯ এপ্রিল ২০২৬

রামেক হাসপাতালে হামে আরও ৪ শিশুর মৃত্যু: মোট প্রাণহানি ৫০

রামেক হাসপাতালে হামে আরও ৪ শিশুর মৃত্যু: মোট প্রাণহানি ৫০

ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে এই হাসপাতালে সংশ্লিষ্ট উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। 

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বেলা ১১টায় রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে. বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ শিশুর বয়স তিন থেকে ছয় মাসের মধ্যে। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ১৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১২ জনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ জন শিশু ভর্তি হয়েছে এবং একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। প্রাদুর্ভাবের শুরু থেকে এ পর্যন্ত রামেক হাসপাতালে মোট ৪৭৯ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছেন।

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন ডা. শংকর কে. বিশ্বাস। 

আরও পড়ুন: হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তবে সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিশুদের সঠিক সময়ে টিকা প্রদান করা এই মুহূর্তে সবচেয়ে জরুরি। 

তিনি আরও সতর্ক করে বলেন, শিশুদের শরীরে হামের লক্ষণ দেখা দিলে কোনোভাবেই অবহেলা করা যাবে না; দ্রুত হাসপাতালে নিয়ে এসে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

সারাদেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে রাজশাহী অঞ্চলের এই চিত্র জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। যদিও মৃত শিশুদের নাম-পরিচয় হাসপাতাল কর্তৃপক্ষ প্রকাশ করেনি, তবে প্রতিদিন নতুন রোগী ভর্তি হওয়া এবং মৃত্যুর মিছিল দীর্ঘ হওয়ায় পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে স্বাস্থ্য বিভাগকে আরও তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। মূলত টিকাদানের অভাব এবং সঠিক সময়ে হাসপাতালে না আসাকেই মৃত্যুর অন্যতম কারণ হিসেবে দেখছেন চিকিৎসকরা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়