২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ৯৪৭, আরও ৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে হামের সংক্রমণ। গত ১৯ দিনে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দেশে মোট ৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জন প্রাণ হারিয়েছেন। একই সময়ে সারা দেশে ৯৪৭ জন নতুন করে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (০৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে সংক্রমণের এই ভয়াবহ চিত্র উঠে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৪৭ জন সন্দেহজনকভাবে হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষার পর ৪২ জনের শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে। এই ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর মৃত্যু না থাকলেও, উপসর্গযুক্ত বা সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন।
গত ১৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, দেশে গত ১৯ দিনে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯২ জনে। এর মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ৭৭১ জন।
আরও পড়ুন: হামের ঝুঁকিতে দেশ, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
সংক্রমণের এই সময়ে মৃত্যুর হারও উদ্বেগজনক। ১৯ দিনে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ৯৪ জন মৃত্যুবরণ করেছেন, যার মধ্যে নিশ্চিত হাম রোগী ছিলেন ৯ জন। তবে স্বস্তির খবর এই যে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত চিকিৎসা নিয়ে মোট ২ হাজার ৫২৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে শিশুদের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি তৎপরতা শুরু করেছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে মাঠ পর্যায়ের সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করার ঘোষণা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আগামী রোববার থেকে দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করার জন্য জোর প্রস্তুতি চলছে।
সংক্রমণ নিয়ন্ত্রণে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আক্রান্ত শিশুদের দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সাথে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে পুষ্টিকর খাবার ও তরল খাবার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, হামের উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








