News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৮, ১৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৪০, ১৯ জানুয়ারি ২০২০

কেন্দ্র পাহারায় দক্ষিণে ২০ দলের ৮ কমিটি গঠন

কেন্দ্র পাহারায় দক্ষিণে ২০ দলের ৮ কমিটি গঠন

ঢাকা: নির্বাচন তদারকি ও ভোটের দিন কেন্দ্র পাহারা দিতে দক্ষিণ সিটি করপোরেশন (ডিসিসি) এলাকার ৫৭টি ওয়ার্ডে ৮টি কমিটি গঠন করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন সমন্বয় কমিটির বৈঠকে এ কমিটি গঠন করা হয়। বৈঠক শেষে জানানো হয়, এসব কমিটি নির্বাচনের দিন ফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রের পাহারায় থাকবে। আট কমিটির সদস্যরা শুক্রবার থেকে প্রতিটি ওয়ার্ড পর্যবেক্ষণ করবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ অভিযোগ করে বলেন, “নির্বাচন কমিশনকে বারবার বলা সত্ত্বেও তারা সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি। কমিশন আমাদের অভিযোগ আমলেই নিচ্ছে না।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “সরকার পেশিশক্তির জোরে সিটি নির্বাচনের ফল নিজেদের পক্ষে নেয়ার ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ সরকার নির্বাচনে হস্তক্ষেপ করে। সিটি নির্বাচনেও এর কিছু আলামত দেখতে পাচ্ছি।”

অবিলম্বে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে তিনি আরো বলেন, “জনগণ অবাধ পরিবেশে ভোট দিতে পারলে আমাদের প্রার্থী লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হবে।”

বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, আইনবিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়