News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩২, ২৬ মার্চ ২০২৬

টাঙ্গাইলে বিএনপির দুই নেতা বহিষ্কার

টাঙ্গাইলে বিএনপির দুই নেতা বহিষ্কার

ফাইল ছবি

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক সেবনসহ নানা সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলার দুই প্রভাবশালী বিএনপি নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। 

বুধবার (২৫ মার্চ) টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সাধারণ মানুষের ভূমি দখলসহ নানা অপকর্মের অভিযোগ আসছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে দলীয় তদন্তে সুনির্দিষ্ট প্রমাণ মেলায় তাকে দলের সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা কমিটি।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা

এ বিষয়ে নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে জানান, জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রফিজ উদ্দিনের বহিষ্কারের বিষয়টি তিনি আজ (বুধবার) আনুষ্ঠানিকভাবে অবগত হয়েছেন।

একই দিনে পৃথক এক আদেশে দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমানকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে মূলত চাঁদাবাজি, মাদক সেবন এবং দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে সরাসরি সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষায় জেলা বিএনপি তাকেও দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে স্থায়ী বহিষ্কারের নির্দেশ প্রদান করে।

টাঙ্গাইল জেলা বিএনপির এই কঠোর অবস্থানকে তৃণমূল কর্মীরা দলের শৃঙ্খলা ফেরানোর ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের ভেতরে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা শৃঙ্খলা পরিপন্থী কাজ বরদাস্ত করা হবে না।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়