News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২০, ২৬ মার্চ ২০২৬

মধ্যরাতে ডিবি হেফাজতে ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ

মধ্যরাতে ডিবি হেফাজতে ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বুধবার (২৫ মার্চ) দিবাগত গভীর রাতে ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয়। বর্তমানে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ডিবি ও গোয়েন্দা সূত্র জানায়, খালেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চলছিল। এগুলোর মধ্যে ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগ, ‘এক-এগারো’ সময়ের বিতর্কিত ভূমিকা, জলসিঁড়ি আবাসন প্রকল্পে অনিয়ম, অর্থ আত্মসাৎ এবং ‘জঙ্গি নাটক’ সাজানোর মতো গুরুতর ঘটনার বিষয়গুলো উল্লেখযোগ্য। 

সূত্র আরও জানায়, খালেদ আয়না ঘর প্রতিষ্ঠা করেন এবং তার শাসনামলে তিনি সজীব ওয়াজেদ জয়ের ক্ষমতা ব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সঙ্গে জড়িত ছিলেন।

ডিবি পুলিশ জানায়, আটক করা ব্যক্তিকে বর্তমানে রাজধানীর মিন্টু রোড ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

আরও পড়ুন: ৫৬তম স্বাধীনতা দিবস: মুক্তির চেতনায় আজকের বাংলাদেশ

ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে আমরা তাকে ডিবি কার্যালয়ে নিয়ে এসেছি। কিছু বিষয়ে আমরা তার সঙ্গে কথা বলব। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এর আগে, গত বছরের মে মাসে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন। সেই সময়ে দুদক তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, সম্পদ-সংক্রান্ত অবৈধ লেনদেন এবং আত্মসাতের অভিযোগে অনুসন্ধানের কথা জানিয়েছিল।

খালেদ ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের শেষ পর্যায়ে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো (সিআইবি)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে, ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।

ডিবি ও গোয়েন্দা সূত্র আরও জানিয়েছে, আইনানুগ প্রক্রিয়া শেষে অভিযোগের প্রমাণ-প্রসংগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, সাবেক এই গোয়েন্দা প্রধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায়ও অভিযুক্ত।

এ ঘটনার পর গত সোমবার রাতে ‘এক-এগারো’ এর কুশীলবদের অন্যতম লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে মানবপাচারের মামলায় ডিবি গ্রেপ্তার করেছে এবং বর্তমানে তিনি পুলিশি রিমান্ডে আছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়