News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৮, ২৬ মার্চ ২০২৬

স্বাধীনতা দিবসে জাপা-ছাত্রশক্তি উত্তেজনা

স্বাধীনতা দিবসে জাপা-ছাত্রশক্তি উত্তেজনা

ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে জাতীয় পার্টি (জাপা) এবং জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দেওয়ার অপেক্ষায় থাকা অবস্থায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে মূল বেদিতে ফুল দেওয়ার জন্য লাইনে দাঁড়ানোর সময় উত্তেজনা দেখা দেয়। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী নেতৃত্বে দলীয় কর্মীরা যখন শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করছিলেন, তখন সেখানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তি’র নেতাকর্মীরাও। ছাত্রশক্তির নেতৃত্বে ছিলেন জাকসুর সমাজসেবা সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি আহসান লাবীব।

জাতীয় পার্টির অভিযোগ, শ্রদ্ধা জানানোর আগে তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। 

দলীয় পক্ষ থেকে বলা হয়, উত্তেজক পরিস্থিতিতেও তাদের কর্মীরা ধৈর্য্য ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। তবে প্রাথমিক তথ্যে জানা গেছে, জাপার একজন নেতা আহত হয়েছেন।

আরও পড়ুন: টাঙ্গাইলে বিএনপির দুই নেতা বহিষ্কার

জাতীয় ছাত্রশক্তি এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে। 

আহসান লাবীব জানান, জাতীয় পার্টির স্লোগানের বিপরীতে ‘মুজিববাদের দালালেরা হুঁশিয়ার সাবধান’ স্লোগান দেয়ায় উত্তেজনা তৈরি হয়। 

তাদের দাবি, জাপার এক নেতা প্রথমে ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা নাঈম আবেদিনের ওপর হামলা চালালে সাধারণ কর্মীরা প্রতিক্রিয়ায় জাপার ব্যানার ছিঁড়ে ফেলে।

ঘটনার বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, কারা এই হামলা চালিয়েছে, আমরা এখনও নিশ্চিত নই। তবে আমাদের বিশ্বাস, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস রাখে না এবং একাত্তরবিরোধী মনোভাব পোষণ করে, তারাই এই পবিত্র স্থানে এ ধরনের অপকর্মে জড়িত হতে পারে। 

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনে নীল নকশার মাধ্যমে জাতীয় পার্টিকে সংসদ থেকে দূরে রাখা হয়েছে, কিন্তু জনগণের দল হিসেবে জাপা বারবার ফিরে আসবে।

স্মৃতিসৌধ এলাকায় উত্তেজনা কিছুক্ষণ স্থায়ী হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিবেশ বর্তমানে স্বাভাবিক রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়