News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৮, ২৬ মার্চ ২০২৬
আপডেট: ১৩:২৮, ২৬ মার্চ ২০২৬

স্বাধীনতার ৫৫তম বর্ষে চীনের অভিনন্দন: ঢাকা-বেজিং সম্পর্ককে ‘মডেল’ আখ্যা

স্বাধীনতার ৫৫তম বর্ষে চীনের অভিনন্দন: ঢাকা-বেজিং সম্পর্ককে ‘মডেল’ আখ্যা

ফাইল ছবি

বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে চীন। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) পৃথক বার্তায় চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, প্রধানমন্ত্রী লি কিয়াং এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের সরকার ও জনগণকে এই শুভেচ্ছা জানান।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পাঠানো এক বার্তায় চীনা রাষ্ট্রপতি শি জিনপিং দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী ও নিবিড় সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি চীন ও বাংলাদেশকে ‘ভালো প্রতিবেশী, ভালো বন্ধু এবং ভালো অংশীদার’ হিসেবে বর্ণনা করেন।

শি জিনপিং তার বার্তায় উল্লেখ করেন, দুই দেশ সর্বদা একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে আচরণ করেছে। পারস্পরিক স্বার্থে সহযোগিতার মাধ্যমে আমরা রাষ্ট্র-রাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে একটি অনন্য মডেল স্থাপন করতে সক্ষম হয়েছি।

আরও পড়ুন: ৫৬তম মহান স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শি জিনপিং তার বার্তায় দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নিয়েও গুরুত্বারোপ করেন। তিনি জানান, চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নকে তিনি বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও গভীর করতে এবং ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়া, উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ (BRI) প্রকল্পের আওতায় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও বিনিময়ের মান উন্নত করার মাধ্যমে দুই দেশের ‘ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব’কে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন চীনা প্রেসিডেন্ট।

একই দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বার্তায় তিনি বাংলাদেশের উন্নয়ন ও দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

পাশাপাশি, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি দুই দেশের কূটনৈতিক ও কৌশলগত সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনে একসঙ্গে কাজ করার ওপর জোর দেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়