‘ওসমান হাদির খুনিদের ফেরাতে বন্দি বিনিময় প্রক্রিয়া চলছে’
ছবি: সংগৃহীত
ভারতে আত্মগোপনে থাকা ওসমান হাদি হত্যা মামলার আসামিদের বন্দি বিনিময় চুক্তির আওতায় দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, আসামিদের হস্তান্তরের বিষয়ে ইতিমত্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওসমান হাদি হত্যা মামলার আসামিরা বর্তমানে ভারতে অবস্থান করছে। তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা আশা করছি দ্রুতই তাদের হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে।
আরও পড়ুন: জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনা করবে সংসদ
শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত স্মরণ করে মন্ত্রী বলেন, ওই রাতে রাজারবাগ পুলিশ লাইন্সেই প্রথম গণহত্যা শুরু হয়েছিল, যা মূলত মহান স্বাধীনতা যুদ্ধের সশস্ত্র সূচনার প্রেক্ষাপট তৈরি করে।
তিনি আরও উল্লেখ করেন যে, রাজারবাগের পুলিশ সদস্যদের আত্মত্যাগ ও প্রতিরোধই মুক্তিযুদ্ধের গতিকে ত্বরান্বিত করেছিল এবং জাতি চিরকাল তাদের এই বীরত্বগাথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
স্বাধীনতার ঘোষণা ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ২৫ মার্চের সেই ভয়াবহ গণহত্যার খবর পেয়ে তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করেন। পরবর্তীতে ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে বিশ্ববাসীর সমর্থন কামনা করেন। একে বাংলাদেশের স্বাধীনতার ‘প্রকৃত ইতিহাস’ হিসেবে অভিহিত করেন তিনি।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








